রেকর্ড কর্নার

তিন শ

১৯৬৯-৭০ মৌসুমে ফরাসি ক্লাব সেঁত এতিয়েনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান কাপে যাত্রা শুরু করেছিল বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় সেই পথ পরিক্রমায় আজ বায়ার্ন খেলতে নামছে ৩০০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচটিতে বায়ার্নের প্রতিপক্ষ গ্রিসের অলিম্পিয়াকস। আগের ইউরোপিয়ান কাপ বা বর্তমান চ্যাম্পিয়নস লিগে তিন শতাধিক ম্যাচ খেলেছে আর মাত্র একটি ক্লাব—রিয়াল মাদ্রিদ। ১০ বারের চ্যাম্পিয়নরা এবারের আগে ৩৮৪টি ম্যাচ খেলেছে। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে এবার ৪৬তম বারের মতো খেলছে রিয়াল, অন্যদিকে বায়ার্নের এটা ৩২তম মৌসুম। ইউরোপিয়ান কাপে তৃতীয় সর্বোচ্চ ২৬৮ ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এ ছাড়া আড়াই শর বেশি ম্যাচ খেলেছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড (২৫৪)।