তিন বছরের বেশি সময় ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কোচের দায়িত্বে ছিলেন শন লেন। কিন্তু হঠাৎই মোহামেডানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ব্রিটিশ এই কোচ। তাঁর সহকারী জেমস ম্যাকলনও পদত্যাগ করেছেন।
আজ আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শন লেন ও সহকারী কোচ জেমস ম্যাকলন পদত্যাগের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে শন লেন জানিয়েছেন, ‘দল গঠনে হস্তক্ষেপ ও দুর্বল পরিকল্পনার কারণে আর কোচের পদে আমি থাকছি না। চার বছর ধরে ক্লাবের সঙ্গে কাজ করাটা ছিল চ্যালেঞ্জের। কিন্তু এখন আমাদের মনে হয়েছে, এ পদ ছেড়ে দেওয়ার সময় এসেছে।’
কোচ শন লেন ও সহকারী কোচ ম্যাকলন দুজনই বর্তমানে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন। ছুটিতে থাকা অবস্থায় ক্লাবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
মোহামেডান স্পোর্টিংয়ের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স দুই কোচের পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, ‘হঠাৎ কেন তাঁরা পদত্যাগ করলেন, আমরা বুঝতে পারছি না। আমি সকালে ঘুম থেকে উঠে খবরটা শুনেছি। তবে কোচ শন লেন যে অভিযোগ করেছেন, সেটা সঠিক নয়। আমরা তাঁকে দল গঠনে সব রকমের স্বাধীনতা দিয়েছি।’
মোহামেডানের দুঃসময়ে হাল ধরেছিলেন এই কোচ। বিদেশি খেলোয়াড় সংগ্রহে বড় ভূমিকা রেখেছেন গত তিন মৌসুম। যদিও এবারের মৌসুমে কয়েকজন ক্লাব কর্মকর্তার সঙ্গে দূরত্বের গুঞ্জন ছিল।
এবারের লিগে মোহামেডান ১৫ ম্যাচে ৫ জয়, ৭ ড্র ও ৩ হারে ষষ্ঠ অবস্থানে রয়েছে।