ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ইউরো ২০২০

দাইয়িকে ছুঁলেন, ক্লোসাকে ছাড়ালেন রোনালদো

এখনো যায়নি সময়-ক্রিস্টিয়ানো রোনালদো যেন প্রতিনিয়ত এটাই মনে করিয়ে দিচ্ছেন। বয়স হয়ে গেছে ৩৬ বছর। কিন্তু এখনো যেখানেই যে দলে খেলেন, তিনিই সেখানে সেই দলের সেরা ফুটবলার! গোলের পর গোল করে বুঝিয়ে দিচ্ছেন, বয়স খানিকটা হয়েছে, তবে তিনি এখনো ফুরিয়ে যাননি, এখনো তাঁর সময় শেস হয়ে যায়নি।

আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন রোনালদোর।

আজ দলের সবচেয়ে প্রয়োজনে আবার জ্বলে উঠেছেন রোনালদো। ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে তুলেছেন এবারের ইউরোর শেষ ষোলোয়। এই জোড়া গোলে কিছু ব্যক্তিগত অর্জনও হয়েছে পর্তুগাল অধিনায়কের। পেনাল্টি থেকে করা দুটি গোলে তিনি ছুঁয়ে ফেলেছেন ইরানের কিংবদন্তি আলী দাইয়ির একটি রেকর্ড। ১০৯ গোল নিয়ে যৌথভাবে তিনি দাইয়ির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন রোনালদো।

আরেকটি রেকর্ড তিনি জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলেছেন। বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন রোনলালদোর একার। ১৯ গোল নিয়ে এই রেকর্ডটি এত দিন ছিল ক্লোসার। বিশ্বকাপে ১৬ গোল করার পাশাপাশি ইউরোতে ৩টি গোল করেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার। আজকের জোড়া গোলে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর গোল হয়ে গেছে ২১টি। ইউরোতে ১৪ গোলের পাশাপাশি বিশ্বকাপে রােনালদোর গোল ৭টি।

এবারের ইউরোতে প্রথম ম্যাচটি খেলতে নেমেই অবশ্য একটি রেকর্ড নিজের করে নিয়েছিলেন রোনালদো। সবচেয়ে বেশি ৫ বার ইউরো খেলা ফুটবলার এখন তিনিই।