ইউনাইটেডে ফিরেছেন রোনালদো
ইউনাইটেডে ফিরেছেন রোনালদো

ধর্ষণের অভিযোগ রোনালদোকে যন্ত্রণা দেবে ইউনাইটেডে ফেরার দিনেও

সবাই অপেক্ষায় আছেন এই মুহূর্তের। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসলের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচকে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরার ম্যাচ হিসেবেই দেখা হচ্ছে। ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আজ দেখা যাবে রোনালদোকে।

এ উপলক্ষে ম্যানচেস্টারে এখন সাজ সাজ রব। এমন মুহূর্তে অবশ্য কালি লাগার সমূহ সম্ভাবনা জেগেছে। ২০১৮ সালে রোনালদোর বিপক্ষে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন যুক্তরাষ্ট্রের এক নারী। ক্যাথরিন মায়োরগার সে অভিযোগ অবশ্য প্রমাণ করা যায়নি বলে তদন্ত থেমে গেছে। কিন্তু এ ব্যাপারে রোনালদোকে এখনো দোষী মনে করেন অনেকেই। কিছু নারীবাদী সংগঠন আজ সে ঘটনার কথা মনে করিয়ে দিয়ে রোনালদোর ইউনাইটেডে ফেরার সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে।

রোনালদোর ফেরার অপেক্ষায় ইউনাইটেড সমর্থকেরা

রোনালদোর জন্য আজকের দিনটা এক বড় উপলক্ষ। ২০০৯ সালে যে ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন, ১২ বছর পর সেই ম্যান ইউনাইটেডের মাঠে প্রথমবারের মতো লাল জার্সি পরে নামার সুযোগ পাচ্ছেন। কোচ উলে গুনার সুলশার না চাইলেও রোনালদো মূল একাদশে থাকার ব্যাপারে অনেক তদবির করবেন বলে জানিয়েছেন।

সুলশার অবশ্য বলেছেন, মূল একাদশে না থাকলেও বদলি হিসেবে নামবেনই রোনালদো। এমন এক মুহূর্তে দেখার জন্য কালোবাজেরেও বিক্রি হয়েছে এ ম্যাচের টিকিট। কিন্তু সবার মনে এত উচ্ছ্বাস খেলা করছে না।

রোনালদো-জ্বরে ভুগছে ইউনাইটেড

ইংলিশ দৈনিক ডেইলি মেইল বলছে, কিছু নারীবাদী সংগঠন আজ রোনালদোর বিরুদ্ধে অবস্থান নেবে। ২০০৯ সালের জুনে লাস ভেগাসে রোনালদো তাঁকে ধর্ষণ করেছিলেন বলে যে অভিযোগ করেছিলেন মায়োরগা, সে ইস্যুতেই সরব হচ্ছে এই সংগঠনগুলো। রোনালদো এ ব্যাপারে নিজেকে ‘নিরপরাধ’ বলে দাবি করেছেন।

মায়োরগা দাবি করেছেন, এ ঘটনা প্রকাশ না করার শর্তে তাঁকে ২ লাখ ৭০ হাজার পাউন্ডও দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘটনা চেপে রাখতে রাখতে ‘মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায়’ এটা আর মেনে নিতে পারছিলেন না বলে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন মায়োরগা।

রোনালদোকে দেখার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই

নতুন করে তদন্ত শুরু হলেও সেটা ২০১৯ সালে আবার থেমে যায়। ‘সন্দেহাতীতভাবে দোষী এটা প্রমাণ করা যাচ্ছে না’ বলে মামলা আর চালিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু মায়োরগা হাল ছাড়েননি। নতুন করে ৫ কোটি ৬০ লাখ পাউন্ডের ক্ষতিপূরণ মামলা করেছেন রোনালদোর বিপক্ষে। সে মামলা এখনো চলছে।

মায়োরগার দাবি, ঘটনা প্রকাশ না করার চুক্তিতে যখন স্বাক্ষর করেছিলেন, তখন ‘মানসিকভাবে সুস্থ’ ছিলেন না। ওদিকে রোনালদোর আইনজীবীরা স্বীকার করেছেন, এমন একটা চুক্তি হয়েছে, তবে সেটা কোনোভাবেই ‘অপরাধ স্বীকার করে নেওয়ার প্রমাণ’ নয়। ফলে নারীবাদী সংগঠনগুলো এ ব্যাপারে রোনালদোর নিরপরাধ দাবি ঠিক গ্রহণ করতে রাজি নয়। তাই ম্যাচের আগে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কায় ম্যানচেস্টার এলাকার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।