বাংলাদেশকে বিশ্বকাপের বাছাই খেলতে হবে তপুকে ছাড়া

হাঁটুর অপারেশন শেষে ক্লাবের রুমে ডিফেন্ডার তপু বর্মণ। ছবি: প্রথম আলো
হাঁটুর অপারেশন শেষে ক্লাবের রুমে ডিফেন্ডার তপু বর্মণ। ছবি: প্রথম আলো
>

বাংলাদেশ দলের সেন্টারব্যাক তপু বর্মণের হাঁটুতে অপারেশন হয়েছে। তাই লাওসের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে পাওয়া যাবে না তাঁকে

দেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। বাঁ হাঁটুতে লিগামেন্ট অপারেশন হওয়ায় লাওসের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে থাকবেন না বাংলাদেশ দলের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মণ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে লাওসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হবে ৬ জুন (অ্যাওয়ে) ও ১১ জুন। আর চোট কাটিয়ে সুস্থ হয়ে তপু মাঠে ফিরবেন বছরের শেষ দিকে।

গত মাসের ২৩ তারিখ ক্লাবের অনুশীলনে হাঁটুতে চোট পান তপু। এরপর মাঠের বাইরে চলে যাওয়ায় তাঁকে ছাড়াই এএফসি কাপ খেলছে আবাহনী লিমিটেড। চোট এতটাই গুরুতর যে ২৩ এপ্রিল হাঁটুতে করাতে হয়েছে অপারেশন। মাঠে ফিরতে দেরি হবে বলে জানিয়েছেন তপু, ‘অপারেশন শেষে এখন ক্লাবে আছি। সুস্থ হয়ে মাঠে ফিরতে ফিরতে কমপক্ষে পাঁচ–ছয় মাস সময়ের প্রয়োজন।’ এ নিয়ে দ্বিতীয়বারের মতো অপারেশনের টেবিলে যেতে হলো বাংলাদেশের অন্যতম সেরা ডিফেন্ডারকে।

বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা ডিফেন্ডার তপু। গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ ফুটবলের প্রথম দুই ম্যাচে ভুটান ও পাকিস্তানের বিপক্ষে গোল করেছিলেন এই সেন্টারব্যাক। রক্ষণ সামলে ওপরে উঠে গোল করার দক্ষতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘বাংলার রামোস’ উপাধি দেওয়া হয়। কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচেও মাঠে ছিলেন তপু। ভিয়েনতিয়েনে ১-০ গোলের জয়ের ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন এই সেন্টারব্যাক। তাঁর দলে না থাকাটা বাংলাদেশ দলের জন্য হতাশাজনকই বটে।