
>বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের পরীক্ষা নেবেন ভুটানের ‘রোনালদো’ চেনচো গেইলশেন ও অধিনায়ক কারমা শেরিং।
বাংলাদেশের প্রতিপক্ষ তাহলে ভুটান নন, চেনচো গেইলশেন।! বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মনের কথায় তো অন্তত তাই মনে হচ্ছে।
গতকাল অনুশীলন শেষে বাংলাদেশ দলের এই সেন্টারব্যাককে জিজ্ঞাসা করা হয়েছিল , প্রতিপক্ষ ভুটান নিয়ে কী ভাবছেন ? মুখস্থ বলে দিলেন ,‘ আমি আর ওয়ালি ভাই ( পাশে থাকা ওয়ালির দিকে হাত ইশারা করে) কয়েক দিন ধরেই চেনচোর ভিডিও দেখছি। ওকে নিয়েই তো যত চিন্তা।’ বোঝা গেল ভুটান নয়, বাংলাদেশ শিবিরে আতঙ্কের নাম চেনচো। ভুটানে যিনি ‘রোনালদো’ নামেই পরিচিত।
ভুটানের ‘রোনালদো’কে আলাদা গুরুত্ব না দিয়ে কি উপায় আছে! ২০১৬ সালে এশিয়ান কাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশকে তো উড়িয়ে দিয়েছিলেন চেনচোই । তাঁর জোড়া গোলেই বাংলাদেশকে সে ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল ভুটান। তপু বর্মন ছিলের সে দলেরই ডিফেন্ডার। চেনচো জ্বলে ওঠলে কী হতে পারে, সেটি তপুর চেয়ে ভালো আর কে জানেন!
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চেনচোর কাছে যথেষ্ট পরিচিত এক মাঠ। দুই মৌসুম আগে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাত ম্যাচ খেলে গোল করেছিলেন পাঁচটি। এরপর ভারতীয় আই লিগের দল মিনার্ভা পাঞ্জাবের জার্সি গায়ে করেছেন সাত গোল। খেলেছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে। অনুশীলন ক্যাম্প করেছেন স্পেনে। সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ভুটানের ‘রোনালদো’।
কেবল চেনচোই নন। ভুটানের আরেক অস্ত্র আছে তাদের অধিনায়ক কারমা শরিফ। এই চেনচো আর কারমা দারুণ এক জুটি। মাঝমাঠ থেকে চেনচোকে বল পৌঁছে দেওয়াই কারমার মূল কাজ। এই কারমা আবার ভুটানি বিমান সংস্থা ড্রুক এয়ারের বৈমানিকও।
দেখা যাক ভুটানি ‘রোনালদো’ আর এক বৈমানিককে কীভাবে রোখে বাংলাদেশ!