
রাশিয়া বিশ্বকাপে খেলা স্ট্রাইকার এসেছেন ঢাকায়। কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেস ঢাকায় পা রাখার পর থেকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের বস্তু। আর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আজ অভিষেক ম্যাচে যে কারিশমা দেখিয়েছেন, রাতারাতি মহাতারকা হয়ে গেলেন।
মোহামেডানের বিপক্ষে বসুন্ধরার ৫-২ গোলের জয়ের ম্যাচে একটি গোল করেছেন আর করিয়েছেন তিনটি। তিনি যে বিশ্বকাপ খেলা ফুটবলার, বলে তাঁর প্রতিটি ছোঁয়াতেই ফুটে উঠেছে সেটা। ম্যাচ শেষে দর্শক থেকে শুরু করে সংবাদকর্মী—সবার কাছেই কলিন্দ্রেস তাই হট কেক।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে দলের জয়। স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত কলিন্দ্রেস। দুর্দান্ত এই জয়ের পেছনে টিম কম্বিনেশনকেই কৃতিত্ব দিয়েছেন বেশি। সতীর্থদের প্রশংসা করেছেন উদারভাবে। বেশ কয়েকজন স্থানীয় ফুটবলারও পেলেন প্রশংসার ভাগ, ‘আমাদের দলটা ভালো। গোটর (জর্জ), মার্কোস (ভিনিসিয়ুস) ভালো করছে। মতিন মিয়া, জীবন, সুফিল, ইমন, সবুজেরাও খুব ভালো খেলোয়াড়।’
কলিন্দ্রেসের মতো ম্যাচ শেষে স্থানীয় খেলোয়াড়দের প্রশংসা করেছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনও। তবে কোচের কণ্ঠে মতিনের প্রশংসায় বেশি, ‘মতিন খুবই ভালো খেলোয়াড়। ও নামার পরে আমাদের আক্রমণ ভালো হয়েছে। ওর গোলটাও হয়েছে দুর্দান্ত।’ দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ২-২ গোলে সমতায় থাকা অবস্থায় হেমন্তর বদলি হিসেবে নেমেছিলেন মতিন। আর নেমেই দলকে এগিয়ে নিয়েছিলেন ৩-২ গোলে।