আগের আফগানিস্তান ম্যাচ থেকে একটি পরিবর্তন অনুমিতই ছিল বাংলাদেশের। চোটে ছিটকে গিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। আজ তাঁর জায়গায় খেলবেন মিডফিল্ডার মানিক হোসেন। বাকি দলটি আগের মতোই।
২০১৯ সালের অক্টোবরে কলকাতায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ভারতের বিপক্ষে যে একাদশটি খেলেছিল, সে দল থেকে আজ আছেন কেবল চারজন। তাঁরা হলেন ডিফেন্ডার রিয়াদুল হাসান ও রহমত মিয়া, মিডফিল্ডার জামাল ভূঁইয়া, ফরোয়ার্ড বিপলু আহমেদ। সে ম্যাচের একমাত্র গোলদাতা সাদউদ্দিন দল থেকে ছিটকে গিয়েছেন চোটের কারণে।
ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশ:আনিসুর রহমান, তপু বর্মণ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মানিক হোসেন, মাসুক মিয়া, রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া
আফগানিস্তান ম্যাচের মতো আজও ৪-২-৩-১ ফরমেশনে খেলবে বাংলাদেশ। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ গোলপোস্ট সামলাবেন আনিসুর রহমান। আনিসুরের সামনে দুই সেন্টারব্যাক হিসেবে জুটি বাঁধবেন তপু বর্মণ ও রিয়াদুল হাসান। লেফটব্যাক রহমত মিয়া আর রাইটব্যাক তারিক রায়হান কাজী। রক্ষণভাগকে ছায়া দেওয়ার জন্য তাদের সামনে ‘ডাবল পিভট’ হিসেবে দুই হোল্ডিং মিডফিল্ডার অধিনায়ক জামাল ভূঁইয়া আর মানিক হোসেন। আক্রমণভাগের বাঁ প্রান্তে বিপলু আহমেদ ও ও ডান প্রান্তে রাকিব হোসেন। এই দুজনের মাঝে মাসুক মিয়া। আর সবার সামনে মূল স্ট্রাইকার হিসেবে মতিন মিয়া।