
টানা দুই ফাইনাল। দুবারই প্রতিপক্ষ চিলি। দুবারই টাইব্রেকারে ব্যর্থ আর্জেন্টিনা। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে না পারলেও ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার রাজত্ব টলেনি এতটুকুও। কোপায় ছয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া আর্জেন্টাইনরা উল্টো পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের সঙ্গে। গত মাসে ১১৯ পয়েন্টে এগিয়ে থাকা আর্জেন্টিনা এবার এগিয়ে ১৮৪ পয়েন্টে।
আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনার মতো বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও চিলি ধরে রেখেছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান।
নতুন ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ছয়ে। রানার্সআপ ফ্রান্স ১০ ধাপ এগিয়ে উঠেছে সাতে। ইউরো ও কোপায় ব্যর্থ দুই দল স্পেন (৮ম) ও ব্রাজিল (৯ম) শীর্ষ দশে থাকলেও পিছিয়েছে দুই ধাপ করে। দুই ধাপ এগিয়ে ইতালি উঠেছে দশে।
ইউরোর বিস্ময় ওয়েলস ও আইসল্যান্ড বড় লাফ দিয়েছে র্যাঙ্কিংয়ে। সেমিফাইনালিস্ট ওয়েলস ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান ১১ নম্বরে। ১২ ধাপ এগিয়ে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে আইসল্যান্ডও (২২তম)।
তবে এ মাসে সবচেয়ে বড় লাফটা দিয়েছে নিউজিল্যান্ড। গত মাসে পঞ্চমবারের মতো ওএফসি নেশনস কাপ জেতা অল হোয়াইটরা ৫৪ ধাপ এগিয়ে উঠে এসেছে ৯৩ নম্বরে।
গত মাসে এশিয়ান কাপের প্লে-অফে তাজিকিস্তানের কাছে দুবার হারা বাংলাদেশ পিছিয়েছে দুই ধাপ। ১৮১ থেকে ১৮৩ নম্বরে নেমে গেছে বাংলাদেশ, যেটি নিজেদের ইতিহাসের সর্বনিম্ন। এর আগে ২০০৮ সালের জুনে বাংলাদেশের র্যাঙ্কিং প্রথমবারের মতো নেমে দাঁড়ায় ১৮৩ নম্বরে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান (১৫০), ভারত (১৫২) ও মালদ্বীপ (১৭৪)। তথ্যসূত্র : ফিফা।
শীর্ষ দশ
ক্রম দল পয়েন্ট
১ (-) আর্জেন্টিনা ১৫৮৫
২ (-) বেলজিয়াম ১৪০১
৩ (-) কলম্বিয়া ১৩৩১
৪ (-) জার্মানি ১৩১৯
৫ (-) চিলি ১৩১৬
৬ (+২) পর্তুগাল ১২৬৬
৭ (+১০) ফ্রান্স ১১৮৯
৮ (-২) স্পেন ১১৬৫
৯ (-২) ব্রাজিল ১১৫৬
১০ (+২) ইতালি ১১৫৫
বন্ধনীতে অবস্থান পরিবর্তন