
এশিয়ান গেমসের ফুটবলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আজ উত্তর কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হচ্ছে এ ম্যাচ
বাংলাদেশের সব ফুটবলপ্রেমীর চোখ আজ ইন্দোনেশিয়ায়। কারণ মাত্র কয়েক ঘণ্টা পরই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাতারকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে জামাল ভূঁইয়ারা এখন স্বপ্ন দেখছেন কোরিয়াকে হারিয়ে শেষ আটে নাম লেখানোর। নামে-ভারে সবকিছুতেই বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে প্রতিপক্ষ দল। তবুও আলাদা করে কিম ইউ সংয়ের কথা বলতেই হচ্ছে। কারণ ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার একাই দুমড়েমুচড়ে দিতে পারেন বাংলাদেশকে।
কে এই সং?
২০১৫ সালে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে খেলা এই স্ট্রাইকার উত্তর কোরিয়ায় ঘরোয়া ফুটবলে খেলে থাকেন এপ্রিল টুয়েন্টি ফাইভ ক্লাবের হয়ে। ২০১৬ সালে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পরে ১২ ম্যাচ খেলে গোল করেছেন ৭টি। সমানসংখ্যক ৭ গোল আছে অনূর্ধ্ব–২৩ দলের জার্সিতেও। আর গত বছর ১৪ গোল করে হয়েছিলেন এএফসি কাপের সর্বোচ্চ গোলদাতা। নিজের স্ট্রাইকার সত্তা চেনানোর জন্য আর কী দরকার সংয়ের!
এই তো চলতি এশিয়ান গেমস থেকেই ছিটকে পড়েছিল গত আসরের দ্বিতীয় হওয়া দলটি। খাদের সেই কিনারা থেকে দেশকে শেষ ষোলোতে তুলে এনেছেন সংই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে কমপক্ষে ৩-০ ব্যবধানে জিতলেই কেবল দ্বিতীয় রাউন্ডে পা রাখতে পারত কোরিয়া। এমন ম্যাচে সংয়ের জোড়া গোলের ওপর ভর করেই সৌদি আরবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আজ কোয়ার্টার ফাইনালে তারা।
বাংলাদেশের বিপক্ষে আজও হয়তো তেতে থাকবেন সং। তাঁর গোল স্কোরিংয়ের ক্ষমতাও নিশ্চিত অজানা নয় বাংলাদেশের ডিফেন্ডারদের। সেভাবেই হয়তো অঙ্ক কষে মাঠে নামবে বাংলাদেশ।