বাফুফে ভবনের সামনে ক্ষুদ্ধ সমর্থকদের বিক্ষোভ

.

কারও হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, ‘আর কত নিচে নামলে গদি ছাড়বেন?’ কারও হাতে, ‘এরপরও ফুটবলাররা মৌসুমে ৫০ লক্ষ টাকা পাবে, বাফুফে পচে গেছে, ফুটবল মরে গেছে।’ এশিয়ান কাপের প্লে-অফের বাছাইয়ে গতরাতে ভুটানের কাছে লজ্জাজনকভাবে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। সেই ক্ষোভ, হতাশায় একদল ফুটবল সমর্থক আজ বিকেলে জড়ো হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের সামনে। বাংলাদেশের এই ভরাডুবির দায়টা ফেডারেশনের কর্তাদেরই দিতে চাইলেন তাঁরা। 

লাইটার ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ব্যানারে আজ বিকেলে প্রায় একদল যুবক এসে বাফুফে ভবনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। এক সমর্থক বলছিলেন, ‘বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর চেয়ে বাজে দিন আর আসেনি। বর্তমান ফেডারেশনের দাবি মাঠে খেলা আছে। কিন্তু এমন খেলা থাকা দরকার নেই, যদি আমরা ভুটানের সঙ্গেও হেরে আসি! আমাদের একাডেমি বন্ধ হয়ে আছে। এভাবেই চলতে থাকলে পরের প্রজন্ম জানতেও পারবে না যে কেউ ফুটবল খেলতো এক সময়।’
বক্তাদের অনেকে বললেন, ফুটবলাররা মাঠে পা বাঁচিয়ে খেলেন। যে কারণে এই লজ্জাজনক হার। বর্তমানে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৮৫। আগামী তিন বছর ফিফা-এএফসির কোনো আন্তর্জাতিক ম্যাচ পাবে না। সেই দুঃখ ঝরল সমর্থকদের কণ্ঠে।