বিদায় বললেন ওয়ামবাখ

জুলাই মাসে মেয়েদের বিশ্বকাপ জিতেছিল যুক্তরাষ্ট্র। সেই উপলক্ষেই হোয়াইট হাউসের আমন্ত্রণে সাড়া দিয়ে পরশু বারাক ওবামার সঙ্গে দেখা করলেন অ্যাবি ওয়ামবাখ, হোপ সোলো, কার্লি লয়েডরা। সুযোগ পেয়ে সেলফিও তুললেন কেউ কেউ l রয়টার্স
জুলাই মাসে মেয়েদের বিশ্বকাপ জিতেছিল যুক্তরাষ্ট্র। সেই উপলক্ষেই হোয়াইট হাউসের আমন্ত্রণে সাড়া দিয়ে পরশু বারাক ওবামার সঙ্গে দেখা করলেন অ্যাবি ওয়ামবাখ, হোপ সোলো, কার্লি লয়েডরা। সুযোগ পেয়ে সেলফিও তুললেন কেউ কেউ l রয়টার্স

২৫২ আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ১৮৪টি। শুধু মেয়েদের ফুটবল নয়, আন্তর্জাতিক ফুটবলেই নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা মার্কিন ফুটবলার অ্যাবি ওয়ামবাখের অধিকারে। পরশু হোয়াইট হাউসে এক সংবর্ধনার পর ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জিতেছেন বিশ্বকাপ, দুবার জিতেছেন অলিম্পিকের সোনা এবং ২০১২ সালে হয়েছেন বর্ষসেরা নারী ফুটবলারও। আন্তর্জাতিক ফুটবল অ্যাবি ওয়ামবাখকে দুহাত ভরে দিয়েছে। গত জুলাইয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর নারী ফুটবল দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সে অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই অবসরের ঘোষণা দিয়েছেন অ্যাবি। যদিও শেষ ম্যাচটি খেলবেন আগামী ১৬ ডিসেম্বর নিউ অরলিয়ান্সে, চীনের বিপক্ষে।

বিদায় বললেন ওয়ামবাখ

মেয়েদের ফুটবল তো বটেই, নারী-পুরুষ মিলিয়ে সব ধরনের ফুটবলেরই কিংবদন্তি অ্যাবি ওয়ামবাখ। অবসর ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কোচ জিল এলিস বিনম্র শ্রদ্ধাই জানিয়েছেন এই ফরোয়ার্ডকে, ‘অ্যাবি এমন একজন খেলোয়াড় যে আমাদের খেলাটিকে পুরোপুরি বদলে দিয়েছে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে ওর উত্তরাধিকার চির অমলিন থাকবে।’
কোচ ও খেলোয়াড় হিসেবে কাজ করেছেন ম্যাজিক জ্যাক নামে ফ্লোরিডার একটি ফুটবল ক্লাবে। খেলা ছাড়ার পর কোচিং করাবেন কি না, সেটি অবশ্য স্পষ্ট করে বলেননি, একটু হেঁয়ালিই থাকল তাঁর কথায়, ‘জীবনের পরবর্তী অধ্যায় কী রেখেছে আমার জন্য, সেটা দেখার জন্য তর সইছে না আমার।’ রয়টার্স।