
আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্মৃতিতে ধুলো জমেছে। ১৯৮৬ সালে প্রায় একাই পুরো বিশ্বকে চমকে দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এমন মধুর স্মৃতি তাকে উপহার দিয়েছিল যে দেশ, সেটা হলো মেক্সিকো। কিন্তু মেক্সিকোতে কখনো পেশাগত কাজে যাওয়া হয়নি ম্যারাডোনার, ব্যস্ত সূচি তাঁকে সে সুযোগ দেয়নি। এবার সে অপূর্ণতা কেটে যাচ্ছে।
টিওয়াইসি স্পোর্টস ও ইএসপিএন মেক্সিকো জানিয়েছে, মেক্সিকান ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন ম্যারাডোনা। বর্তমানে এই ৫৭ বছর বয়সী কিংবদন্তি আছেন বেলারুসে। কদিন আগেই ডাইনামো ব্রেস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সেখানে। এখন আবার মেক্সিকোতে কোচ হওয়ার আমন্ত্রণ পেয়ে নাকি আর তর সইছে না ম্যারাডোনার। কিন্তু ডাইনামো ব্রেস্টের চুক্তি থেকে কীভাবে বের হবেন সেটার ওপরই নির্ভর করছে তাঁর মেক্সিকো যাত্রা।
ইএসপিএন এর মেক্সিকো সংস্করণের সম্পাদক রেনে তোভার জানিয়েছেন, ডিয়েগো ম্যারাডোনার মেক্সিকো যাত্রা প্রায় নিশ্চিত। শুধু চুক্তির খুঁটিনাটি বিষয়গুলোই ঠিক করা বাকি। মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস লিগে খুব বাজে অবস্থায় আছে। ৬ ম্যাচে ৩ হার আর ৩ ড্র নিয়ে ১৬ দলের মধ্যে ১৩তম অবস্থানে তারা। এমন অবস্থায় ম্যারাডোনার মতো এক কিংবদন্তিকে সঙ্গী হিসেবে পেতে চাইছে তারা।
কোচ হিসেবে ম্যারাডোনার অতীত কিন্তু সাহস জাগায় না। সর্বশেষ আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাব আল হুজাইরাহর দায়িত্ব থেকেও বরখাস্ত হয়েছিলেন ম্যারাডোনা। ২০১১ থেকে ২০১২ পর্যন্ত আরব আমিরাতেরই আল ওয়াসল ক্লাবের দায়িত্ব নিয়েও ব্যর্থ ম্যারাডোনা। এর আগে আর্জেন্টিনা (২০০৮-১০), রেসিং ল্যাব (১৯৯৫) ও দেপোর্তিভো ম্যান্ডিওর (১৯৯৪) কোচিং করিয়েছেন ম্যারাডোনা। কোনো ক্লাব বা দলকে কোনো শিরোপা জেতাতে পারেননি ম্যারাডোনা।