কমলা জার্সির জাফর ইকবালকে (সবার বাঁয়ে) ছাড়া বাকিরা অপরিচিত মুখই। ছবিটি যেন তারুণ্যনির্ভর মোহামেডানেরই প্রতীকী চিত্র
কমলা জার্সির জাফর ইকবালকে (সবার বাঁয়ে) ছাড়া বাকিরা অপরিচিত মুখই। ছবিটি যেন তারুণ্যনির্ভর মোহামেডানেরই প্রতীকী চিত্র

মৌসুম শুরুর আগে

‘ভালো কিছুর’ চেষ্টা মোহামেডানের

ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। টুর্নামেন্ট শুরু ২২ ডিসেম্বর। প্রথম সারির দলগুলোর প্রস্তুতি নিয়ে ৮ পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্বে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা

মোহামেডান ধুঁকছে। ঐতিহ্য হারিয়ে তারা এখন খাদের কিনারে। অবনমন থেকে রক্ষা পেয়ে কোনোমতে বাংলাদেশ লিগে টিকে আছে। ক্যাসিনো–কাণ্ডে ধুলোয় মিশে গেছে মোহামেডানের যাবতীয় সম্মান।

সাম্প্রতিক সময়ে নেতিবাচক খবরের শিরোনামেই বেশি এসেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। শিগগিরই ভালো কোনো শিরোনামে আসার সম্ভাবনাও কম। এখন তো তেমন দলই নেই সাদা–কালোদের। একঝাঁক অখ্যাত তরুণ নিয়ে গড়া গতবারের দলটা খেলছে এবারও। অবশ্য উন্মুক্ত দলবদল না থাকায় এ মৌসুমে চাইলেও তারকা ফুটবলার নিতে পারেনি সাদা–কালোরা।

অস্ট্রেলিয়ান কোচ শন লেনের দেওয়া গত মৌসুমের ১৯ জনকে রেখে দেওয়া হয়েছে এবারও। তবে গোলকিপার মাজহারুল ইসলাম সমঝোতার ভিত্তিতে গেছেন চট্টগ্রাম আবাহনীতে। রুম্মন, অনীকসহ অতিরিক্ত তালিকার আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফরোয়ার্ড সিফাত ব্যথা পাওয়ায় শেষ মুহূর্তে দেড় লাখ টাকা ট্রান্সফার ফিতে সাইফ স্পোর্টিং থেকে নেওয়া হয়েছে ফরোয়ার্ড জাফর ইকবালকে। দেশি ফুটবলারদের মধ্যে এই প্রথম ট্রান্সফার ফির প্রচলন হলো।

ট্রায়ালের মাধ্যমে নতুন নেওয়া আটজনের চারজন পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলা, তিনজন বিকেএসপির, একজন কোথাও খেলেননি। কোথাও না খেলা তরুণটি মোহামেডানের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের ছেলে সাদাত হামিদ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২০ বছরের তরুণকে ট্রায়ালে ভালো লেগেছে কোচের। এই নবীনদের কাউকে দুই বছর, কাউকে তিন বছরের জন্য চুক্তিতে নেওয়া হয়েছে। যাতে ঘষেমেজে ভবিষ্যতে তৈরি করা যায়।

চার বিদেশির দুজন নতুন। বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুজারিনা কালিরাইতি চলে এসেছেন। ভিয়েতনামে খেলা নাইজেরিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার মোহাম্মদ নুরাত আসছেন। রেখে দেওয়া হয়েছে দলের প্রাণ মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকে। আছেন জাপানি মিডফিল্ডার উরুও নাগাতাও। নতুন মৌসুমেও সম্ভাব্য অধিনায়ক উরুর মুখে আশার গান, ‘আমরা অবশ্যই গতবারের চেয়ে ভালো করব।’

ক্লাবের কিছু সংকট অবশ্য দূর হয়েছে। ফুটবলারদের বেতন নিয়ে ঝামেলা নেই। দলের ভেতর কোন্দল, গ্রুপিং, স্বজনপ্রীতিও ছুটি
নিয়েছে বলে জানিয়েছেন দল পরিচালনার সঙ্গে সম্পৃক্তরা।

কোচিং স্টাফে সহকারী হিসেবে যোগ দিয়েছেন আলফাজ আহমেদ। গত কয়েক দিনে ক্লাবের ব্যবস্থাপনা দেখে তিনি খুব খুশি, ‘নিকট অতীতে মোহামডোনে খেলতে চাইত না ছেলেরা। টাকাপয়সা ঠিকমতো পেত না। এখন সেটা নেই। কর্মকর্তারা সব করছেন। আমি নিজে প্রিমিয়ার লিগে গতবার উত্তর বারিধারার কোচ ছিলাম। হেড কোচ থেকে সেই আমি এখন মোহামেডানের সহকারী কোচ। কিসের জন্য এলাম? মোহামেডানে ভালো কিছু হবে এই আশায়।’

ম্যানেজার ইমতিয়াজ আহমেদ খুশি প্রয়োজনীয় সব সমর্থন পাচ্ছেন বলে। গোলকিপার কোচ নিজাম মজুমদারের সন্তুষ্টি, ‘কোচ মন খুলে কাজ করতে পারছেন। মোহামেডানে এখন দুজন ফিজিও থ্যারাপিস্ট। দুজন ম্যাসাজম্যান। প্রতিদিন আইসবাথ হয় ক্লাবে, এসব আগে ছিল না। প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে ক্লাব ভবনে। একটা পরিবর্তনের হাওয়া দেখছি।’

শন লেনের অধীনেই সেই পরিবর্তন দেখতে পাচ্ছেন সাবেক মোহামেডানিয়ান নকীব, আলফাজ, নিজামরা। গত পরিত্যক্ত মৌসুমে ভালো খেলেছে সাদা–কালোরা। ফেডারেশন কাপে সেমিফাইনালে উঠে হেরেছে রহমতগঞ্জের কাছে (১-০)। চমক দিয়েছে প্রিমিয়ার লিগে। প্রথম ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে। বসুন্ধরা, শেখ রাসেলের মতো দলের বিপক্ষে জয়।

অথচ এই মোহামেডানের কাছেই লিগ শিরোপা সোনার হরিণ হয়ে আছে ১৮ বছর ধরে। ২০০৯ সালের পর ফেডারেশন কাপের ফাইনালেই ওঠা হয়নি। ১৯৩৬ সালে জন্মের পর আজ পর্যন্ত মোহামেডানের নিজস্ব একটি মাঠ হলো না। যাযাবরের মতো কমলাপুর স্টেডিয়াম, পল্টন মাঠ, বাফুফের টার্ফে বা বাড্ডার কাছে একটি বিশ্ববিদ্যালয় মাঠে চলে অনুশীলন। বিকেলের হালকা গা–গরম মতিঝিলের ক্লাব উঠোনে।

সংস্কারের আশায় ৯ জানুয়ারি ক্লাবটির পরিচালনা পরিষদের নির্বাচন হওয়ার কথা। কিন্তু সংস্কার চাওয়া সাবেক ফুটবলার বাদল রায় কদিন আগে চলে গেছেন পরপারে, মোহামেডানের জন্য জন্য যা বিরাট ক্ষতি। সভাপতি হওয়ার সম্ভাবনা ক্লাবটির সাবেক সভাপতি ওবায়দুল করিমেরই। বর্তমান সময়ে বড় আর্থিক সমর্থনটা তিনিই দিচ্ছেন। মোহামেডানে নতুন বোর্ড আসছে, তাদের পরিকল্পনার ওপরই নির্ভর করছে ক্ষয়িষ্ণু মোহামডানের ভবিষ্যৎ।

এএফসি কাপ মাথায় রেখেই প্রস্তুতি

শন লেন, কোচ

ফেডারেশন কাপে যেমনই হোক, লিগটাই আমাদের মূল লক্ষ্য। লিগে সেরা চারে থাকলে এএফসি কাপে খেলার সুযোগ থাকবে। সেটা মাথায় রেখে আমরা প্রস্তুত হচ্ছি। এ মৌসুমে এএফসি কাপ খেলা ভীষণ কঠিন জানি। তবে আগামী মৌসুমে যাতে এশিয়ার এই ক্লাব টুর্নামেন্টে খেলা যায়, সেভাবেই পরিকল্পনা দিয়েছি ক্লাবকে। মোহামেডানের সঙ্গে আমার চুক্তি দুই বছরের। তবে পরিকল্পনা দিয়েছি তিন বছরের। তত দিনে হয়তো দলটাকে আরও শক্তিশালী করা যাবে। নবীন হলেও এখন সম্ভাবনাময় একঝাঁক খেলোয়াড় রয়েছে আমাদের হাতে। এসব খেলোয়াড়কে তৈরি করে মোহামেডানকে বড় জায়গায় নিতে চাই।

নতুন মৌসুমে মোহামেডান

গোলরক্ষক: সুজন, আহসান হাবিব, সাকিব আল হাসান, রাকিবুল

ডিফেন্ডার: আতিক, ফাহিম, মুজারিনা কালিরাইতি (বুরকিনা ফাসো), মাসুদ, কামরুল, রাজীব, সোহাগ, সাদাত হামিদ

মধ্যমাঠ: শাহেদ, শ্যামল, জাফর ইকবাল, উরু নাগাতা (জাপান), অনিক, পাপ্পু, মনা, সোহান, মোহাম্মদ নুরাত (নাইজেরিয়া), আশরাফুল

আক্রমণ: বাপ্পি, সোলেমান দিয়াবাতে (মালি), জাহিদ, সাইদ, সজীব