ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরি
ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরি

ভিয়ারিয়ালের কোচ আর আট খেলোয়াড় অ্যানফিল্ডে শুধু হেরেইছেন

৯৯ বছর বয়স হলেও দলটি কখনো নিজেদের দেশের লিগ জিততে পারেনি। ইউরোপসেরা হওয়া তো দূরের কথা! লিভারপুল অন্যদিকে ইউরোপেরই অন্যতম সেরা দল, বর্তমান সময়ে সেরা তিন দলের মধ্যেও রাখবেন অনেকে। এমন দুটি দলের মধ্যে লড়াইয়ে জিতবে কোন দল—সে প্রশ্ন করাই অবান্তর। কিন্তু প্রতিযোগিতাটা যেহেতু চ্যাম্পিয়নস লিগ, যেখানে অনিশ্চয়তার শেষ নেই, লিভারপুল তাই আজ রাতের ম্যাচটি যে মোটেও হালকাভাবে নেবে না, সেটাও বলাই বাহুল্য।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে আজ রাত বাংলাদেশ সময় ১টায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। স্প্যানিশ ক্লাবটি লা লিগার পয়েন্ট তালিকার সাথে, অন্যদিকে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। কোনো সন্দেহ নেই, ধারে ও ভারে ভিয়ারিয়াল ইয়ুর্গেন ক্লপের দলের ধারেকাছেও নেই। তাই বলে উনাই এমেরির দল কি একদমই পাত্তা পাবে না? না–সূচক কথা কোনোভাবেই বলার সুযোগ নেই। ভিয়ারিয়াল কোচ এমেরির দাবি, ‘যোগ্য দল বলেই সেমিফাইনালে উঠে এসেছে লিভারপুল।’ তবে ইংলিশ ক্লাবটিকে হারাতে আজ তাদের ঘরের মাঠে ভিয়ারিয়ালের খেলোয়াড়দের সম্ভবত শতভাগের বেশিই নিংড়ে দিতে হবে। অ্যানফিল্ডের ইতিহাস যে ভিয়ারিয়ালের বর্তমান খেলোয়াড়দের বিপক্ষে।

ভিয়ারিয়ালের বর্তমান দলের কোনো খেলোয়াড়ই নিজেদের ক্যারিয়ারে অ্যানফিল্ডে কখনো জিততে পারেননি। আটজন খেলোয়াড় এবং কোচ এমেরি এর আগে অ্যানফিল্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু জিততে পারেননি। ভিয়ারিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার এতিয়েন কাপোউ ওয়াটফোর্ডে থাকতে চারবার লিভারপুলের মাঠে খেলে সব ম্যাচেই হেরেছেন। সেই চার ম্যাচের মধ্যে ওয়াটফোর্ড দুবার পাঁচ গোল এবং একবার ছয় গোল হজম করেছে। দলটির আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রান্সিস ককলে আর্সেনালে থাকতে অ্যানফিল্ডে দুই ম্যাচ খেলেই হেরেছেন। ভিসেন্তে ইবোরাও লেস্টার সিটিতে থাকতে ২০১৮ সালে লিভারপুলের মাঠে ২–১ গোলে হারেন।

ভিয়ারিয়াল কি আজ পারবে অ্যানফিল্ডে এমন উৎসব করতে?

ভিয়ারিয়ালের রাইটব্যাক সের্হেই অউরিয়ের টটেনহামে থাকতে অ্যানফিল্ডে দুই ম্যাচেই হেরেছেন। ক্লাবটির মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো মৌসুমের শুরুতে টটেনহামের হয়ে অ্যানফিল্ডে গিয়ে জয়ের মুখ দেখেননি। ডিফেন্ডার রাউল আলবিওলও নাপোলির হয়ে ২০১৮–১৯ মৌসুমে অ্যানফিল্ডে গিয়ে হেরেছেন। ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি আর্সেনালের দায়িত্বে থাকতে একাধিকবার হেরেছেন অ্যানফিল্ডে। ভিয়ারিয়াল আজ জিতলে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রথম ‘অ্যাওয়ে’ দল হিসেবে অ্যানফিল্ডে জয়ের নজির গড়বে।