মেসিকে ছাড়াই সঠিক পথে 'নতুন' আর্জেন্টিনা

সিমিওনে-লো চেলসোদের নিয়ে এই আর্জেন্টিনা তারুণ্যে ভরপুর। ছবি: এএফপি
সিমিওনে-লো চেলসোদের নিয়ে এই আর্জেন্টিনা তারুণ্যে ভরপুর। ছবি: এএফপি
>যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষজনক ফল তুলে নিয়েছেন আর্জেন্টিনার অর্ন্তবর্তীকালিন কোচ লিওনেল স্কালোনি

গুয়াতেমালার বিপক্ষে মোট ২৭জন খেলোয়াড়কে নিয়ে স্কোয়াড গঠন করেছিলেন আর্জেন্টিনার অর্ন্তবর্তীকালিন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু দলের ১০ নম্বর জার্সিটা কারও হাতে তুলে দেওয়া হয়নি। জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের ছুটি নেওয়া লিওনেল মেসি ফিরবেন, আর্জেন্টিনা এই আশা ছাড়েনি। তবে মেসিকে ছাড়াই প্রীতি ম্যাচে গুয়াতেমালাকে হারাতে আর্জেন্টিনার কোনো সমস্যা হয়নি। লস অ্যাঞ্জেলসে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের পর নতুন যাত্রা শুরু করল ‘নতুন’ আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে অভিষেকেই গোল পেয়েছেন সিমিওনে। ছবি: রয়টার্স

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর প্রথম ম্যাচে দল নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষাই করেছে আর্জেন্টিনা। মেসির অনুপস্থিতিতে স্কোয়াডে ডাক পেয়েছিলেন মাউরো ইকার্দি। কিন্তু তাঁর মাঠে নামা হয়নি। ইকার্দির জায়গায় অভিষেক ঘটেছে জিওভান্নি সিমিওনের। নামটা কী একটু চেনা লাগছে? ঠিকই ধরেছেন—এই সিমিওনে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমান কোচ ডিয়েগো সিমিওনের ছেলে। আর্জেন্টিনার জার্সিতে আজ অভিষেক ম্যাচটা তিনি রাঙিয়েছেন গোল করে!

শুধু সিমিওনে নন, গঞ্জালো মার্টিনেজও হেঁটেছেন একই পথে। রিভারপ্লেটের এই মিডফিল্ডারও জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে পেয়েছেন গোলের দেখা। আর্জেন্টিনার হয়ে অন্য গোলটি জিওভানি লো চেলসোর। সেটি নিঃসন্দেহে ম্যাচের সেরা গোল। ৩৫ মিনিটে কর্নার পেয়েছিল আর্জেন্টিনা। বক্সে গুয়াতেমালার ডিফেন্ডাররা তা ‘ক্লিয়ার’ করলেও বল পেয়ে যান লো চেলসো। বক্সের বাইরে থেকে চোখ জুড়ানো ভলিতে বল জালে জড়ান পিএসজি থেকে রিয়াল বেটিসে ধারে খেলা এই সেন্ট্রাল মিডফিল্ডার।

মজার ব্যাপার, আর্জেন্টিনার যে তিন খেলোয়াড় গোল করেছেন তা দেশের হয়ে তাঁদের প্রথম গোল! বিশ্বকাপের দল থেকে আর্জেন্টিনার এই দলটা যে অপেক্ষাকৃত তরুণ তা বোঝাই যাচ্ছে। ইকার্দি ও দিবালার মতো খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন স্কালোনি। গুয়াতেমালার সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৫ ধাপের ব্যবধান বলেই হয়তো দল নিয়ে নিশ্চিন্তে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন আর্জেন্টিনার এই কোচ। গোলপোস্টের নিচে একাদশের হয়ে অভিষেক ঘটেছে জেরোনিমো রুলির। চোট কাটিয়ে ওঠা অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরোকে খেলাননি স্কালোনি।

ভলিতে দুর্দান্ত গোলটির পর লো চেলসো। ছবি: রয়টার্স

আর্জেন্টিনার এই দলে ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল শুধু রামিরো ফুনেস মোরির। ১৫ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু হেডটা জালের মধ্যে রাখতে পারেননি। ২৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন গঞ্জালো মার্টিনেজ। লো চেলসোর শট বক্সে গুয়াতেমালা ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় জাতীয় দলের হয়ে গোলের খাতা খোলেন মার্টিনেজ। ঠিক তার ৮ মিনিট পরই লো চেলসোর সেই অসাধারণ গোল। আর প্রথমার্ধ শেষের এক মিনিট আগে স্কোরলাইনে নাম লেখান সিমিওনে।

স্কালোনির দলটি অপেক্ষাকৃত অনভিজ্ঞ হলেও ভালোই আক্রমণের সৌরভ ছড়িয়েছে। গুয়াতেমালার পোস্ট তাক করে মোট ১৭টি শট নিয়েছে তাঁরা। এর মধ্যে গোল পোস্টে রাখতে পেরেছে ৭টি শট। ৬১ শতাংশ সময় বল দখলে রেখে ৬৬৬টি পাস খেলেছেন স্কালোনির শিষ্যরা। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় আরেকটি প্রীতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।