মেসিদের দেখে ভড়কেই গিয়েছিলেন নেইমার

বার্সার হয়ে প্রথম ম্যাচ খেলতে গিয়ে ভড়কে গিয়েছিলেন নেইমার। ছবি: এএফপি
বার্সার হয়ে প্রথম ম্যাচ খেলতে গিয়ে ভড়কে গিয়েছিলেন নেইমার। ছবি: এএফপি

বিশ্বের অন্যতম সেরা, ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনায় খেলার স্বপ্ন ছিল তাঁর বহুদিনের। স্বপ্নটা যখন সত্যি হলো, প্রথম যেদিন বার্সার ড্রেসিংরুমে এলেন, কেমন লেগেছিল নেইমারের? বাড়তি রোমাঞ্চ কাজ করবে, সেটাই তো স্বাভাবিক। তবে খানিকটা ভড়কেও গিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সান্তোস থেকে নেইমার আনুষ্ঠানিকভাবে বার্সায় পা রাখেন ২০১৩ সালের জুনে। কাতালান ক্লাবটির জার্সিতে তাঁর অভিষেকের মুহূর্তে ভীষণই রোমাঞ্চ অনুভব করছিলেন। লিওনেল মেসি, জার্ভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তাদের দেখে তাঁর মনে হয়েছিল যেন খেলতে এসেছেন প্লে-স্টেশনে! মেসি ও তাঁর সতীর্থদের দেখে নেইমার তো বিস্ময়াবিভূত, ‘বার্সেলোনায় প্রথম ম্যাচের আগে মেসি ও অন্যদের দেখে খানিকটা ভড়কে গিয়েছিলাম। যখন ড্রেসিংরুমে ঢুকলাম, দেখি মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে এবং দানি আলভেজ আছে সেখানে। তারা আমার ভীষণ পছন্দের খেলোয়াড়। এটা এমন ছিল যেন প্লে-স্টেশনে খেলতে এসেছি। শুরুটা খুব কঠিন ছিল।’
নতুন ক্লাবের নতুন পরিবেশে শুরুর সময়টা সব খেলোয়াড়ের জন্যই কঠিন। তবে নেইমারের জন্য বিষয়টিকে অনেক সহজ করে দেন স্বদেশি আলভেজ। জাতীয় দলের সতীর্থের কাছে ব্রাজিল-তারকার তাই অশেষ কৃতজ্ঞতা, ‘আলভেজ ছিল আমার কাছে অপরিহার্য একজন। যখন বার্সায় এলাম, মানিয়ে নিতে ও আজকের অবস্থানে আসতে সে আমাকে অনেক সহায়তা করেছিল।’ সূত্র : গোলডটকম।