মেসিবিহীন নতুন আর্জেন্টিনাকে যেমন দেখাবে

আর্জেন্টিনার ভরসা এখন দিবালা-ইকার্দিই। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার ভরসা এখন দিবালা-ইকার্দিই। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা দলে নতুন মুখ ১১ জন। নেই মেসি-আগুয়েরো-হিগুয়েইনসহ বড় বড় নাম। নতুন এ দলকে কীভাবে সাজাবেন কোচ?


বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে খুব একটা আশা ছিল না, কিন্তু জার্সির ভার বলে কথা! শিরোপা জয়ের চাপটা তাই ছিলই। কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনা বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। ফ্রান্স ও ক্রোয়েশিয়া, বিশ্বকাপের দুই ফাইনালিস্টের কাছে হারের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দল ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। আর তাই বিশ্রাম পেয়েছেন বেশ কিছু তারকা। আপাতত নতুনদের বাজিয়ে দেখতে চায় এএফএ।

বিশ্বকাপে ব্যর্থ হোর্হে সাম্পাওলির স্থলে আপাতত কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লিওনেল স্কালোনিকে। সেভিয়াতে সাম্পাওলির সহকারী ছিলেন স্কালোনি। তাঁর সঙ্গে সহকারী হিসেবে আছেন পাবলো আইমার। তরুণ দুই কোচ দল নির্বাচনে রাখেননি কোনো সিদ্ধান্তহীনতায় ভোগেননি। প্রাধান্য ছিল তারুণ্য আর ভালো খেলা। আর্জেন্টিনার বর্তমান লক্ষ্য বড় নামের পেছনে ছোটা নয়, বরং একটা দল হিসেবে নিজেদের তৈরি করা। আর তাই গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের ২৯ সদস্যের স্কোয়াডে এমন ১১ জন আছে, যাদের এর আগে আর্জেন্টিনা দলের জার্সি পড়ারই সৌভাগ্য হয়নি।

তবে গোলবারের নিচে তারুণ্য নয়, অভিজ্ঞতায় আস্থা রেখেছেন কোচ। চোট শেষে দলে ফেরত এসেছেন দীর্ঘদিনের বিশ্বস্ত সার্জিও রোমেরো। সঙ্গে আছেন বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পাওয়া ফ্রাঙ্কো আরমানি ও জেরেনিমো রুই।

কোচের আস্থা থাকবে ৪-২-৩-১ ফরমেশনের ওপর। যাতে রক্ষণের দুপাশে থাকবেন গ্যাব্রিয়েল মারকাদো ও নিকোলাস তাগলিয়াফিকো। লিগে নিয়মিত পারফর্ম করা দুই ডিফেন্ডার মরি ও জার্মান পেজ্জালা থাকবেন রক্ষণভাগের মাঝে, অর্থাৎ সেন্টার ব্যাক হিসেবে। রক্ষণে বাঁ পাশে আকুনাকেও দেখা যেতে পারে। তবে বিকল্প হিসেবে ডানে থাকবেন লিওনেল ডি প্লাসিদো ও ফাব্রিসিও বুস্তোস।

এভাবে দেখা যেতে পারে নতুন আর্জেন্টিনা।

দলে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকলেও রক্ষণে বেশি মনোযোগ থাকবে আস্কাসিবারের, আক্রমণ আর রক্ষণে এক সঙ্গে সাহায্য করবেন পারাদেস। তাঁর কাজ থাকবে এই দুই জায়গায় সংযোগ স্থাপন করা। এই জায়গায় খেলার মতো আছেন মাতিয়াস ভার্গাস, লো সেলসো ও রদ্রিগো বাট্টালিয়া। অ্যাটাকিং মিডে থাকবেন ক্রিস্টিয়ান পাভোন। বিশ্বকাপ সন্তোষজনক ও লিগে নিয়মিত ভালো খেলা পাভোনের ওপর আক্রমণভাগ নির্ভর করবে। তাঁর বিকল্প হিসেবে দলে আছেন গঞ্জালো মার্টিনেজ, ফ্রাঙ্কো ভাসকেজের মতো লিগে নিয়মিত ভালো খেলা খেলোয়াড়।

আক্রমণে ডানে থাকবেন পাওলো দিবালা। তাঁর বিকল্প হিসেবে দলে আছেন ম্যাক্সিমিলিয়ানো মেসা ও জিওভান্নি সিমিওনে। আর বাঁ পাশে থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা আনহেল কোরেয়া। তাঁর বিকল্প হিসেবে দলে জায়গা পেয়েছেন ফ্রাঙ্কো কার্ভি। আর আক্রমণে একদম সামনে থাকবেন মাউরো ইকার্দি। তাঁর বিকল্প ইন্টার মিলান সতীর্থ লাউতারো মার্টিনেজ।

২৯ সদস্যের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: রোমেরো, আরমানি, রুই
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মারকাদো, মার্কোস আকুনা, ফুয়েনস মরি, পেজ্জেলে, নিকোলাস তাগলিয়াফিকো, এদুয়ার্দো সালভিও, অ্যালান ফ্রাঙ্কো, ক্যানেমান, লিওনেল ডি প্লাসিদো, ফাব্রিসিও বুস্তোস
মিডফিল্ডার: ম্যাক্সিমিলিয়ানো মেসা, মাতিয়াস ভার্গাস, ফ্রাঙ্কো কার্ভি, ফ্রাঙ্কো ভাসকেজ, জিওভান্নি লো সেলসো, লিওনার্দো পারাদেস, সান্তিয়াগো আস্কাসিবার, রদ্রিগো বাট্টালিয়া, এজেকুয়েল পালাসিওস, গঞ্জালো মার্টিনেজ
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান পাভোন, অ্যানহেল কোরেয়া, লাউতারো মার্টিনেজ, মাউরো ইকার্দি, জিওভান্নি সিমিওনে, পাউলো দিবালা।