যুক্তরাষ্ট্রে যাবেন মেসি?
যুক্তরাষ্ট্রে যাবেন মেসি?

মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল তাঁর প্রতিনিধিদল

গুঞ্জনটা শুরু হয়েছে গতকাল থেকে। উসকে দিয়েছিলেন ডিরেক টিভির সাংবাদিক অ্যালেক্স ক্যানডাল। জানিয়েছিলেন, পিএসজির সঙ্গে মেসি আর নতুন চুক্তি করবেন না। তিনি বরং ২০২৩ সালে এমএলএসের দল ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। যে দলটির কিছু অংশের মালিকানা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেকহামের।

ক্যানডালের খবর অনুযায়ী মেসি শুধুই একজন খেলোয়াড় হিসেবে ইন্টার মায়ামি যাবেন না। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার আগে আর্জেন্টিনার অধিনায়ক নাকি ক্লাবটির ৩৫ শতাংশ শেয়ার কিনবেন। এই গুঞ্জন যে সত্যি নয়, সেটা  সবাইকে জানাতে খুব বেশি দেরি করল না মেসির প্রতিনিধিদল।

প্যারিসের গণমাধ্যম লা পারিসিয়েনের মাধ্যমে মেসির প্রতিনিধিদল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে এই খবর, 'এটা সম্পূর্ণ মিথ্যা একটা খবর। লিও এখনো তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। আর গত কয়েক দিনে মেসি ও বেকহামের মধ্যে দেখা হলেও সেটা হয়েছে পিএসজির দোহায় থাকার কারণে। কাতার বিশ্বকাপ উপলক্ষে মেসি দোহায় শুভেচ্ছাদূতের ভূমিকা পালন করতে গিয়েছিলেন, সেখানেই দেখা হয়েছিল দুজনের।'

তবে জায়গা হিসেবে মিয়ামি মেসি যে বেশ পছন্দের, সেটা বোঝা যায় প্রায় সময়ই মেসি যখন ছুটি কাটাতে পরিবার নিয়ে সেখানে চলে যান, তখন।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

এর আগে এমএলএসে নাম লেখানোর ইঙ্গিতও দিয়ছিলেন তিনি। খুব বেশি আগের কথা নয়, ২০২০ সালেই মেসি একবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বসবাস করার ইচ্ছা তাঁর আছে। সেখানকার জীবনযাপনের অভিজ্ঞতা তিনি নিতে চান।

ইন্টার মায়ামি মেসির মানের একজন বিদেশি খেলোয়াড় দলে আনার জন্য মুখিয়ে আছে। বর্তমানে দলটার সবচেয়ে পরিচিত খেলোয়াড় সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।

গঞ্জালো হিগুয়েইন

হিগুয়েইন ছাড়াও ইন্টার মিয়ামিতে পরিচিত খেলোয়াড়দের মধ্যে আছেন সাবেক আর্সেনাল লেফটব্যাক কিয়েরান গিবস, ব্রাজিলিয়ান মিডফিল্ডার জ্যাঁ মোতা, ইকুয়েডরের ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানিয়া, যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ব্রেক শেয়া প্রমুখ। ২০২০ সালে এমএলএসে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর মোট ৫৭ ম্যাচ খেলে ১৯টায় জিতেছে তারা।

মেসিকে নিয়ে এই রেকর্ডের চেহারা আরেকটু ভালো করতে চায় তারা।