লিওনেল মেসি পরের মৌসুমে পিএসজির জার্সিতে আলো ছড়াতে চান
লিওনেল মেসি পরের মৌসুমে পিএসজির জার্সিতে আলো ছড়াতে চান

মেসি জানেন, পিএসজির হয়ে তাঁর দ্বিতীয় মৌসুমটা হবে সাফল্যের

বার্সেলোনা ছাড়ার পর গোটা এক মৌসুম কাটিয়ে দিলেন লিওনেল মেসি। অনেকেই ভেবেছিলেন ফ্রেঞ্চ লিগে রীতিমতো ফাটিয়ে দেবেন তিনি। লা লিগার চেয়ে ফ্রেঞ্চ লিগ আঁ যে কিছুটা পিছিয়ে, এটা তো সবাই জানে।

কিন্তু বার্সেলোনার সেই মেসিকে পিএসজির জার্সিতে এবার খুঁজে পাওয়া যায়নি। কোথায় যেন বেসুরো সুর বেজেছে মৌসুমজুড়ে। বার্সেলোনার জার্সিতে শেষ মৌসুমে যেখানে ৩০ গোল করেছিলেন, সেখানে পিএসজির হয়ে যেন গোল করাই ভুলে গেলেন। ফ্রেঞ্চ লিগে প্রথম মৌসুমে তাঁর গোল মাত্র ১১টি—ভাবা যায়! চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল মাত্র পাঁচটি। পিএসজি ফ্রেঞ্চ লিগ জিতলেও চ্যাম্পিয়নস লিগে আবারও ব্যর্থতার গল্প লিখেছে। শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে হারালেও দ্বিতীয় লেগে এক বেনজেমার হ্যাটট্রিকেই স্রেফ উড়ে যায় মেসির দল।

পিএসজিতে প্রথম মৌসুমে মেসির ভালো না করার কারণ অনভ্যস্ততা

পিএসজির জার্সিতে মেসির পারফরম্যান্স নিয়ে অখুশি খোদ পিএসজি সমর্থকেরাও। দুই–একবার ‘দুয়ো’ও শুনতে হয়েছে তাঁকে। মেসির মাপের একজনের কাছে যেটি রীতিমতো অচিন্তনীয়। মেসিকে দর্শকেরা ‘দুয়ো’ দিচ্ছে, ব্যাপারটি ভালো লাগেনি অনেক সাবেক তারকারও। কিন্তু পিএসজি সমর্থকদেরও আসলে দোষ দিয়ে লাভ নেই। তাঁরা ফল চায়। মেসির কাছ থেকে অন্তত বার্সেলোনা–মানের পারফরম্যান্সই তারা আশা করে। সেটি না পেলে প্রতিক্রিয়া তো তারা দেখাবেই। পিএসজি সমর্থকদের প্রতিক্রিয়ার ধরন নিয়ে বিতর্ক থাকতেই পারে।

পিএসজিতে প্রথম মৌসুমটা ‘বার্সেলোনার মতো’ ছিল না মেসির

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মেসি। সেখানে উঠে এসেছে তাঁর পিএসজি অধ্যায়ের প্রথম মৌসুমও। তিনি আগামী মৌসুমে পিএসজিকে অনেক কিছু উপহার দেওয়ার প্রত্যয় জানিয়েছেন। প্রথম মৌসুমটা ভালো না কাটার কারণ হিসেবে বলেছেন নতুন পরিবেশ ও পরিস্থিতির কথা, ‘আমি ব্যক্তিগতভাবে এই মৌসুমে ভালো করতে পারিনি। আমি মনে করি আগামী মৌসুমে এই ব্যাপারটা পাল্টে দিতে পারব। ক্লাব পরিবর্তনের ফলে নতুন পরিবেশে এসে পড়তে হয়েছে, যেটা আমার জন্য ভালো হয়নি।’

সতীর্থদের সঙ্গে এখন মেসি অনেক বেশি স্বাচ্ছন্দ্য

নতুন মৌসুমে ভালো করার কথা মেসি বলেছেন বেশ জোরের সঙ্গেই, ‘আমি জানি এই বছরটা অন্য রকমই হবে আমার জন্য। আমি এখন ক্লাবটাকে চিনি, ক্লাবের সবাইকে চিনি, পরিবেশটা জানি। ড্রেসিংরুমে আমার সতীর্থদের সঙ্গে আমি এখন অনেক বেশি স্বচ্ছন্দ। আমি জানি এ বছরটা অন্য রকমই হবে।’

২০২১ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের খরা কাটিয়েছেন কোপা আমেরিকা জিতে। ২০২২ সালে তাঁর লক্ষ্য কাতার বিশ্বকাপ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দেশের হয়ে বিশ্বকাপ জেতার খুব কাছেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। নিজের পঞ্চম বিশ্বকাপটা তাই সাফল্য দিয়েই রাঙাতে চান মেসি। পিএসজির অধরা চ্যাম্পিয়নস লিগ জয়ে অবদান রাখাও মেসির বড় লক্ষ্য। তিনি নিজেও তো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাননি বেশ অনেক দিনই হয়ে গেল।