
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই আবারও আরেক রোমাঞ্চকর ম্যাচের ক্ষণগণনা শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা আর মাত্র এক দিনের।
আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি। বৈশ্বিক সংবাদমাধ্যমের কল্যাণে ম্যাচটির একটি গালভরা নামও হয়ে গিয়েছে—‘লা ফিনালিসিমা’।
ইউরো ও কোপা আমেরিকাজয়ী দুই দলের ম্যাচ আয়োজন নিয়ে বহু আগেই চুক্তি হয়েছিল দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক উয়েফার। সে ম্যাচই বাস্তবতার আলো দেখছে আগামীকাল। এর মাধ্যমেই ২৯ বছর পর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে যাচ্ছেন ‘কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস’ প্রতিযোগিতার তৃতীয় কিস্তি।
ম্যাচের নাম: লা ফিনালিসিমা
ম্যাচের সময়: আগামীকাল রাত ১২টা ৪৫ মিনিটে
প্রতিপক্ষ: কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি
ভেন্যু: ওয়েম্বলি স্টেডিয়াম, ইংল্যান্ড
আশ্চর্য মনে হলেও সত্যি, এবারই যে প্রথম এই ম্যাচের আয়োজন হচ্ছে, তা নয়, ১৯৮৫ ও ১৯৯৩ সালেও দুই দফা আয়োজিত হয়েছিল এই ম্যাচ। কনমেবল ও উয়েফা সিদ্ধান্ত নিয়েছিল, প্রতি চার বছর অন্তর এই দুই মহাদেশের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে সুপার কাপ ঘরানার এই প্রতিযোগিতামূলক ম্যাচে।
তখন উয়েফার সাবেক সভাপতি ও ইতালিয়ান ফুটবল সংগঠক আরতেমিও ফাচ্চির নাম অনুযায়ী এই শিরোপার নাম দেওয়া হয়েছিল ‘আরতেমিও ফাচ্চি কাপ’। এক আসর ইউরোপে আয়োজিত হবে, পরের আসর দক্ষিণ আমেরিকায়—এভাবেই পরিকল্পনা হয়েছিল।
প্রথম আসর ইউরোপে হবে, এমন সিদ্ধান্ত হয়েছিল। ফলে, ১৯৮৫ সালে আয়োজিত প্রথম আসরে স্বাগতিক হয়েছিল ইউরোজয়ী ফ্রান্স, প্রতিপক্ষ ছিল কোপাজয়ী উরুগুয়ে। মিশেল প্লাতিনি, অ্যালাঁ গিরেস, ভেনানসিও রামোসের মতো তারকারা খেলেছিলেন সেই ম্যাচে। দুই স্ট্রাইকার হোসে তুরে ও দমিনিক রকেতুর ২ গোলে উরুগুয়েকে কোনো ঝামেলা ছাড়াই হারিয়েছিল ফ্রান্স।
পরের ম্যাচের তারিখ কবে হবে, সেটা নিয়ে একমত হতে পারেনি পরেরবারের ইউরোজয়ী নেদারল্যান্ডস ও কোপাজয়ী উরুগুয়ে। এ কারণে ১৯৮৯ সালের দ্বিতীয় আসর আয়োজিত হয়নি। ১৯৯৩ সালে তৃতীয় আসরটা ঠিকই আয়োজিত হয়েছিল। সেবার শিরোপার জন্য লড়েছিল কোপাজয়ী আর্জেন্টিনা ও ১৯৯২ সালে ইউরো জেতা দল ডেনমার্ক। আগেরবার ইউরোপের দল জিতলেও এবার জেতে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা।
আলবিসেলেস্তিদের হয়ে ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার মতো তারকা খেললেও গোল পেতে বেশ ভালোই সংগ্রাম করতে হয়েছিল। নেস্তর ক্রাভিওতোর আত্মঘাতী গোলে প্রথমে আর্জেন্টিনা পিছিয়ে পড়লেও ক্লদিও ক্যানিজিয়ার গোলে সমতা আসে। ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের পর ম্যাচ অমীমাংসিত থাকলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
সেখানে আবার ম্যারাডোনা-বাতিস্তুতা লক্ষ্যভেদ করতে পারলেও মিস করেন ক্যানিজিয়া। তাতে ক্ষতি হয়নি অবশ্য। টিম ভিলফোর্ট ও বিয়ার্নে গোল্ডবেকের পেনাল্টি মিস করার কারণে শিরোপা জিতে যায় আর্জেন্টিনা। এরপর এই প্রতিযোগিতা স্থগিত হয়ে যায়। শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিজয়ী দলই নয়, সব মহাদেশের শিরোপাজয়ী দলকে নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে জন্ম নেয় কনফেডারেশনস কাপ।
২০১৯ সালে সে প্রতিযোগিতাও বাতিল করে দেওয়া হয়। এ কারণে আবারও ‘কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস’ চালু করার উদ্যোগ নেয় দুই অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক দুই সংগঠন। তারই ফসল আগামীকালের ‘লা ফিনালিসিমা’। তবে এবার ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকছে না ম্যাচের ভেন্যু। ব্লকবাস্টার এই ম্যাচ আয়োজনে এগিয়ে এসেছে ইংল্যান্ড।
অপেক্ষা আগামীকালের। এরপরই বোঝা যাবে মেসি-দি মারিয়া, না জর্জিনিও-কিয়েল্লিনি, কাদের হাতে শোভা পাবে আন্তর্জাতিক এই শিরোপা!