
স্ত্রী অসুস্থতার জন্য দল থেকে সড়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক সোহেল
গোলরক্ষক শহিদুল আলম সোহেল জাতীয় দলের খেলছেন সেই ২০১১ সাল থেকে। দেশের হয়ে বেশ অনেকগুলি আন্তর্জাতিক ম্যাচই তিনি খেলেছেন। তিনি ভুল করেন আবার দারুণ সব সেভে জাতীয় দলকে গোল হজমের হাত থেকেও বাঁচান। কিন্তু সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে তাঁর শিশুতোষ ভুলে তিনি এখন রীতিমতো ভিলেন। গোলরক্ষকের বাজে গোল হজম খেলার অংশ হলেও নেপালের বিপক্ষে ভুলটি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা। মেনে নেয়নি বাফুফেও। এই ভুলের কারণেই আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের প্রাথমিক দলে নেই তিনি।
আসলেই কি সেই গোলটির জন্য বাদ পড়েছেন শহিদুল সোহেল? আবাহনীর এই গোলরক্ষক নিজেই জানিয়েছেন পারিবারিক কারণেই তিনি জাতীয় দলে নেই, ‘আগামী মাসে আমি বাবা হতে যাচ্ছি। এই মুহূর্তে অসুস্থ স্ত্রীর পাশে থাকতে চাই। যা আমি দলীয় ম্যানেজমেন্টকে আগেই জানিয়ে রেখেছিলাম।’
একে তো স্ত্রী অসুস্থ। এর সঙ্গে যোগ হয়েছে গত কিছুদিন ধরে তাঁকে নিয়ে সমালোচনা। এই অবস্থায় তাঁর বিশ্রামে থাকা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে, ‘আমি মনে করি মানসিকভাবে তাঁর বিশ্রামের প্রয়োজন। গত কিছুদিন ধরে যা ঘটেছে, সেখান থেকে আরও শক্তিশালী ভাবে ফিরে আসার জন্য তাঁর বিশ্রামের প্রয়োজন।’
বর্তমানে ছুটিতে আছেন বাংলাদেশের এই ইংলিশ কোচ। ২০ সেপ্টেম্বর ঢাকা ফিরে আগামী মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি শুরু করবেন তিনি। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে লাওস ও ফিলিপাইনের সঙ্গে আছে বাংলাদেশ। অন্য গ্রুপে আছে নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা হবে সিলেটে। দুটি সেমিফাইনাল কক্সবাজারে ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়।