ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ পুরো ইউক্রেনে হামলা চালানো হয়েছে।
রাশিয়া প্রতিবেশী দেশে হামলা চালাচ্ছে। গত দুই দশকের মধ্যে এটিই রাশিয়ার সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক অভিযান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলার প্রথম দিনে তাঁর দেশের অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন।
তবে এর মধ্যেও আশার আলো দেখতে পাচ্ছেন ইউক্রেন জাতীয় ফুটবল দলের কোচ ওলেকসান্দর পেত্রাকোভ। আগামী মাসের ২৪ তারিখ হ্যাম্পডেন পার্কে কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে স্কটল্যান্ডের বিপক্ষে প্লে–অফ খেলতে নামবে ইউক্রেন।
পেত্রাকোভ আশা, চলমান যুদ্ধের কারণে এই ম্যাচ স্থগিত হবে না। বরং রাশিয়াকে দ্রুত হারিয়ে স্কটিশদের বিপক্ষে খেলতে নামবে ইউক্রেন।
বর্ষীয়ান এই কোচ নিজেদের সেনাবাহিনীর সামর্থ্যর ওপর ভরসা করছেন, ‘আমাদের জন্য অনেক কঠিন এক সময়, এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একে অন্যকে সাহায্য করতে হবে। আমি আমাদের সেনাবাহিনী ও রাষ্ট্রের ওপর বিশ্বাস রাখি। আমরা আমাদের ইউক্রেনের মাটিতে অবস্থান করছি, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’
পেত্রাকোভকে বেশ আশাবাদী মনে হয়েছে যুদ্ধ জয়ের ব্যাপারে, 'আমার বয়স ৬৪ বছর। গোটা জীবন কিয়েভেই কাটিয়ে দিয়েছি। আমি এখনো এখানে আছি, যুদ্ধ শুরু হয়েছে দেখে কোথাও চলে যাব না। যেভাবে সম্ভব আমার মাতৃভূমিকে এমন কঠিন সময়ে সাহায্য করব। এমন পরিস্থিতিতে খেলাধুলার কোনো মূল্য থাকে না আসলে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবন, শান্তি ও দেশের মানুষদের নিরাপত্তা। আমি আশা করি, রাশিয়ার বিপক্ষে আমরা তাড়াতাড়ি জয় তুলে নেব। এরপর বিশ্বকাপের প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামব।’