
>হন্যে হয়ে একজন স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা। দলের মূল স্ট্রাইকার লুইস সুয়ারেজের জায়গায় খেলানোর জন্য আর্জেন্টিনার স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে মনে ধরেছে তাঁদের। কিন্তু মার্টিনেজকে যদি না পাওয়া যায়, তবে?
‘স্ট্রাইকার চাই, স্ট্রাইকার চাই’— রব উঠেছে বার্সেলোনায়।
গত দুই মৌসুম ধরে মূল স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিকল্প খুঁজে যাচ্ছে বার্সেলোনা। দলে আঁতোয়ান গ্রিজমান, ওসমান ডেম্বেলে, ফিলিপে কুতিনহোরা থাকলেও, তাদের মূলত খেলানো হয় উইঙ্গার হিসেবে। বার্সেলোনায় মূল স্ট্রাইকার হিসেবে সুয়ারেজ তাই এখনো অদ্বিতীয়। তবে এভাবে যে আর বেশি দিন চলবে না, ক্লাবের মতো সুয়ারেজ নিজেও জানেন সেটা। সুয়ারেজের উত্তরসূরি হিসেবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে মনে ধরেছে বার্সেলোনার। তবে ইন্টার সাফ জানিয়ে দিয়েছে, মার্টিনেজের জন্য ১১ কোটি ১০ লাখ ইউরোর এক পয়সাও কম নিতে রাজি নয় তারা।
এদিকে গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগে দুই দলের মধ্যকার ম্যাচে দুই মিনিটের মধ্যেই গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন মার্টিনেজ। ফলে আর্জেন্টাইন স্ট্রাইকারকে পাওয়ার আশা বার্সার বেড়েছে । মেসি নিজেও চাইছেন, মার্টিনেজ আসুক দলে।
কিন্তু শেষমেশ মার্টিনেজ যদি না আসেন? গত কয়েক বছরে বার্সেলোনার দলবদল প্রক্রিয়া পর্যালোচনা করলে দেখা যায়, ফ্রেঙ্কি ডি ইয়ং, ফিলিপ কুতিনহোর মতো পছন্দের খেলোয়াড় দলটা পেয়েছে যেমন। অনেক পছন্দের খেলোয়াড় কিনতেও পারেনি স্প্যানিশ ক্লাবটা। যেমন - নেইমার, রিচার্লিসন, দুসান তাদিচ, রদ্রিগো গোজ, ভিনিসিয়ুস জুনিয়র প্রমুখ। লওতারো যদি শেষমেশ দ্বিতীয় দলটায় যোগ দেন, তাহলেই বার্সার সমস্যা।
সম্ভাব্য সেই সমস্যার জন্য আগে থেকেই বিকল্প পরিকল্পনা করে রাখতে হচ্ছে লিওনেল মেসিদের। মার্টিনেজ যদি না আসেন, সে ক্ষেত্রে রিয়াল সোসিয়েদাদের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক এর দিকে নজর দেবে বার্সেলোনা।
কাতালান সংবাদমাধ্যম রেডিও বার্সেলোনা জানিয়েছে, লওতারো মার্টিনেজকে ইন্টার না ছাড়তে চাইলে অপেক্ষাকৃত কম দাম ও বয়সের ইসাককে আনার চেষ্টা করবে বার্সেলোনা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন ইসাক। তিনটি গোলে সহায়তাও আছে তাঁর। এই মৌসুমেই জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে সোসিয়েদাদে যোগ দিয়েছেন ইসাক। তবে মৌসুম শেষে ডর্টমুন্ড চাইলেই তাঁকে তিন কোটি ইউরোর বিনিময়ে আবারও দলে ফেরাতে পারবে, যেটার সম্ভাবনা খুবই কম।
অথচ ডর্টমুন্ডে যাওয়ার আগে এই ইসাকের সামনে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার। কিন্তু রোনালদো-বেল-বেনজেমাদের কারণে মূল একাদশে নিয়মিত সুযোগ পাবেন না ভেবে ডর্টমুন্ডে যোগ দেন নতুন ‘জ্লাতান ইব্রাহিমোভিচ’ নামে পরিচিত এই তারকা।
রিয়ালকে ফিরিয়ে দেওয়া সেই তারকার সামনেই এখন সুযোগ রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দেওয়ার।