>স্প্যানিশ ফুটবলে দলবদলের মৌসুম ফুরোবে কাল। শেষ সময়ে এসে গুঞ্জন উঠেছে, রহিম স্টার্লিংকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ। এদিকে সংবাদমাধ্যমের ধারণা, স্টার্লিংয়ের রিয়ালে যোগ দেওয়ার খবরটা আসলে ম্যানচেস্টার সিটিতে তাঁর বেতন বাড়ানোর কৌশল।

কাল শেষ হবে স্প্যানিশ ফুটবলে দলবদলের মৌসুম। খেলোয়াড় বিকিকিনির এই বাজারে শেষ সময়ের গুঞ্জন, ম্যানচেস্টার সিটি উইঙ্গার রহিম স্টার্লিংকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, এবার নয়, স্টার্লিংকে আগামী মৌসুমে কিনতে পারে রিয়াল। আর তাই প্রশ্ন উঠেছে, সিটিতে নিজের বেতন বাড়াতেই কি স্টার্লিংয়ের ইতিহাদ ছাড়ার গুঞ্জন উঠেছে?
সিটির হয়ে গত মৌসুমে দারুণ খেলেছেন এই ইংলিশ তারকা। ৪৬ ম্যাচে ২৩ গোল করে দারুণ ভূমিকা রেখেছিলেন সিটির লিগ জয়ে। তাঁর এই পারফরম্যান্স নজর কেড়েছিল রিয়ালের। তবে স্কাই স্পোর্টসকে মাদ্রিদের ক্লাবটির প্রতিনিধি বলেছেন, আগামী মাসে উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড-স্পেন ম্যাচে স্টার্লিংয়ের ওপর থাকবে রিয়ালের। অর্থাৎ, রিয়াল প্রতিনিধির কথা সত্য হলে ২৩ বছর বয়সী তারকাটির যে এবারের দলবদলের মৌসুমে অন্তত স্পেনে উড়াল দেওয়া হচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত।
এদিকে সিটিতে স্টার্লিংয়ের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোতে প্রায় দুই বছর বাকি। কয়েক মাস আগে থেকেই চুক্তি নবায়ন করতে ইংলিশ ক্লাবটিকে চাপ দিয়ে আসছিলেন স্টার্লিং। বর্তমান পারিশ্রমিক ১ লাখ ৭০ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে আড়াই লাখ পাউন্ডে উন্নীত করার দাবি করেছিলেন তিনি। এতে সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইনার সমান পারিশ্রমিক পেতেন স্টার্লিং। কিন্তু সিটির নীতিনির্ধারকেরা তাঁর কথা কানেই তুলছেন না। সংবাদমাধ্যমে তাই এ কারণেই প্রশ্ন উঠেছে, পারিশ্রমিক বাড়াতেই বুঝি সিটি ছাড়ি ছাড়ি করছেন স্টার্লিং?
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, কথাবার্তায় মিল না পড়লে স্টার্লিংকে আগামী মৌসুমে ছেড়ে দিতে রাজি আছে সিটি। রিয়াল নাকি এই সুযোগটাই নিতে চায়। সিটি কোচ পেপ গার্দিওলা আগেই বলে দিয়েছেন, স্টার্লিংকে তিনি ধরে রাখতে চাইলেও তাঁর চুক্তির ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারবেন না। এমন অনিশ্চয়তাই হয়তো স্টার্লিংকে আঙুল বাঁকা করতে বাধ্য করেছে, কে জানে!