সাদা কার্ড

লাল কার্ড, হলুদ কার্ড তো আগে থেকেই ছিল। তাই বলে সাদা কার্ডও! মিশেল প্লাতিনি নতুন এমন ধারণা দিয়েছেন তাঁর সদ্য প্রকাশিত বই পারলোঁ ফুটবল-এ। ফুটবলে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা প্রায়ই ঘটে। রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেওয়ার ঘটনাও বিরল নয়। ইদানীং এটা যেন আরও বেড়েছে। সে জন্য কখনো হলুদ কার্ড, ক্ষেত্রবিশেষে লাল কার্ডও দেখতে হয়। প্লাতিনি বলছেন এ রকম কিছু হলে সাদা কার্ডও দেখানো যেতে পারে। সে ক্ষেত্রে ডাগ-আউটের পাশে ‘সিন বিন’ নামে আলাদা একটা জায়গায় ১০ মিনিট বসে থাকতে হবে খেলোয়াড়দের। এই নিয়ম অবশ্য রাগবি ও আইস হকিতে আগে থেকেই প্রচলিত। উয়েফা সভাপতি সেই সঙ্গে বদলি খেলোয়াড়ের সংখ্যা তিন থেকে পাঁচ করারও পরামর্শ দিয়েছেন। এএফপি।