অন্যকলাম

হামেসের জন্য

যে দলে খেলেন রোনালদো-বেল, তারা কিনা হা-পিত্যেশ করছে হামেস রদ্রিগেজের জন্য! অবশ্য যে খেলোয়াড় দলে থাকলেই জয়ের সম্ভাবনা বেড়ে যায় ২৫ ভাগ, তিনি দলে ফিরে আসুন—এটাই সবাই চাইবেন। অবিশ্বাস্য হলেও এটিই সত্যি। হামেসকে ছাড়া লা লিগার ৬২ ভাগ ম্যাচে জয়ী হয় রিয়াল মাদ্রিদ। আর এই কলম্বিয়ান দলে থাকলেই রিয়াল জেতে ৮৭ ভাগ ম্যাচে! চ্যাম্পিয়নস লিগেও হামেস দলে থাকলে জয়ের হার বেড়ে যায় ১০ ভাগ। এমনকি এই মিডফিল্ডারের উপস্থিতিতে রিয়ালের ম্যাচপ্রতি গোলের সংখ্যাও ২.১ থেকে বেড়ে ২.৮ হয়ে যায়। অর্থাৎ গোলসংখ্যাতেও ৩৩ ভাগ উন্নতি ঘটে তাঁর কারণে। চোটের কারণে এই মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলেছেন রদ্রিগেজ। আর রিয়ালের জয়ের হারও এই মৌসুমে নেমে এসেছে ৬৬.৭ ভাগে। এল ক্লাসিকোর আগেই তাই তাঁর ফেরার অপেক্ষায় দিন কাটছে রিয়াল মাদ্রিদের। মার্কা।