
এত ভালো খেলেও কিনা শেষ পর্যন্ত হুমকির মুখে পড়তে হলো লিওনেল মেসিদের! দল উঠে গেছে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে। ২৭ জুন সকালের (বাংলাদেশ সময়) ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। কিন্তু গতবারের ফলের পুনরাবৃত্তি হলে মেসিদের দেশে ফেরাই যে মুশকিল হয়ে যাবে! কারণ, আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা হুমকি দিয়েছেন উত্তরসূরিদের, ‘আমি নিশ্চিত, আমরা ফাইনালে জিতব। কিন্তু যদি না জিতি, ওদের ফেরার দরকার নেই।’ ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর বিখ্যাত সেই দুই গোলের ৩০তম বার্ষিকী ছিল পরশু। সেই উপলক্ষে আর্জেন্টিনার সি৫এন টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েই মেসিদের উদ্দেশে এই কথা বলেছেন ম্যারাডোনা। এএফপি।