চ্যাম্পিয়নস লিগ জেতা দলে ভালো বিনিয়োগ করতে পারবে রিয়াল
চ্যাম্পিয়নস লিগ জেতা দলে ভালো বিনিয়োগ করতে পারবে রিয়াল

৩৯০০ কোটির থলে নিয়ে প্রস্তুত রিয়াল

কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে পিএসজির যেমন লাভ হয়েছে, তেমনি ইউরোপের আরও বেশ কিছু ক্লাবেরও লাভ হতে যাচ্ছে। এমবাপ্পেকে চুক্তি স্বাক্ষরের জন্য বেশ বড় অঙ্কের বোনাস দিতে চেয়েছিল রিয়াল। সে সঙ্গে উচ্চ বেতনও পেতেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। সেটা আর খরচ হয়নি রিয়ালের। আসছে দলবদলের বাজারে তাই ৩৫ কোটি পাউন্ড নিয়ে মাঠে নামছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৯০০ কোটি টাকা।

আর্থিক দিক থেকে পেরেজের মতো কৌশলী সভাপতি খুব কম আছে ফুটবলে

এমবাপ্পেকে ঘিরেই গত চার বছর ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে রিয়াল। তাঁকে ঘিরেই আগামী প্রজন্মের রিয়াল মাদ্রিদ গড়ার স্বপ্ন ছিল ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। শুধু এমবাপ্পেকে দলে পেতে অনেক অর্থ জমিয়েছেন গত তিন বছর। গত দুই দলবদলে অর্থ খরচ করে শুধু এদুয়ার্দ কামাভিঙ্গাকে কিনেছে রিয়াল। ওদিকে আশরাফ হাকিমি, মার্টিন ওডেগার্ড ও সের্হিও রেগিলনদের মতো প্রতিশ্রুতিশীলদের বিক্রি করা হয়েছে। রাফায়েল ভারানের মতো ডিফেন্ডারকে বিক্রি করেছে রিয়াল, সের্হিও রামোসকে ছেড়ে দিয়েছে।

এমবাপ্পে তবু রিয়ালে যোগ দেননি। সে স্বপ্ন যেহেতু আপাতত পূরণ হচ্ছে না, তাই স্কোয়াড পুনর্নির্মাণে নজর দিয়েছে রিয়াল। কয়েক মৌসুম ধরে আর্থিক সুব্যবস্থাপনা ও চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে সেমিফাইনালে খেলার পর এবার ১৪তম শিরোপাই জিতে যাওয়ায় তহবিলটাও বেশ ফুলেফেঁপে উঠেছে। এবার চ্যাম্পিয়নস লিগ জেতা দলটি থেকে গ্যারেথ বেল, মার্সেলো আর ইস্কোও বিদায় নিয়েছেন। সিনিয়র তিন ফুটবলারের বিদায়ে করসহ ৭.৫ কোটি ইউরো সাশ্রয় হচ্ছে তাদের।

পিএসজিতেই থেকে গেছেন এমবাপ্পে

লা লিগা ক্লাবগুলোর আয় ও খরচের হিসাব কষে দলবদলের জন্য সর্বোচ্চ খরচ সীমা ও বেতন সীমা নির্ধারণ করে দিয়েছে। গত মৌসুমে বেতনে ৩০ কোটি পাউন্ড খরচ করেছে রিয়াল। কিন্তু এ মৌসুমে চাইলেই ৬৩ কোটি পাউন্ড পর্যন্ত এ খাতে ব্যয় করতে পারবে রিয়াল।

চ্যাম্পিয়নস লিগ জেতায় আরেকটি বাড়তি সুবিধা পাচ্ছে রিয়াল। বছরের বাজেটে আয়ের হিসাব কষতে গিয়ে রিয়াল প্রতিবছর ধরে নেয়, এবার অন্তত শেষ ষোলো খেলবে এবং এর ফলে প্রাপ্ত আয়টা হিসাবে যোগ করে নেয়। কিন্তু এবার চ্যাম্পিয়ন হওয়াতে বাজেটে দেখানো আয়ের চেয়েও ৩ কোটি পাউন্ড বেশি আয় করেছে রিয়াল। লিজেন্ডস অ্যান্ড সিক্সথ স্ট্রিটের সঙ্গে নতুন এক সমঝোতা চুক্তি করায় আরও ৩১ কোটি পাউন্ড বিনিয়োগ হচ্ছে রিয়ালে। ফলে দলবদলের বাজারে নিজেদের বর্তমান খেলোয়াড় বিক্রি না করেও ৩৫ কোটি পাউন্ডের তহবিল পাচ্ছে দলটি।

স্কোয়াডের আকার ধরে রাখতে হলে খেলোয়াড় অবশ্য বিক্রি করতেই হবে রিয়ালকে। সে ক্ষেত্রে হেসুস ভায়েহো, মার্কো আসেনসিও, দানি সেবায়োস, লুকা ইয়োভিচ বা মারিয়ানো নাম শুরুর দিকেই আছে। যদিও ইয়োভিচ বা মারিয়ানোর ক্ষেত্রে কিনতে আগ্রহী ক্লাব খুঁজে পাওয়া যাচ্ছে না।

রিয়ালের হাতে এত অর্থ থাকা মানে বাজারের অন্য দলগুলোর জন্য সেটা সুখবর। কারণ, হাতে এত অর্থ থাকার মানেই বাজারের অন্য দলগুলো এখন চাইলেই দর-কষাকষিতে একটু বেশি জোর পাবে। ধনী ক্রেতা দেখলে বিক্রেতাদের দর যেমন বেড়ে যায়, ঠিক সে আচরণ করতে পারবে তারা। যেমনটা করছে মোনাকো। তাদের মিডফিল্ডার অরেলিয়াঁ শুয়ামেনিকে চাইছে রিয়াল। কিছুদিন আগেও ৬ কোটি ইউরো দাম বলা হচ্ছিল যাঁর, তাঁর জন্য এখন ১০ কোটি ইউরো চাইছে মোনাকো!

অবশ্য শুয়ামেনিকে পাওয়ার দৌড়ে পিএসজিও আছে। রিয়ালের কাজটা তাই সেখানে এমনিতেই কঠিন। রিয়াল-পিএসজির মধ্যে ‘নিলাম’ লাগিয়ে শুয়ামেনির দাম আরও বাড়ানোর চেষ্টা করছে মোনাকো। রিয়ালের কাছে খেলোয়াড় কেনার জন্য এত অর্থ আছে শুনে মোনাকোর কর্মকর্তাদের চোখ আরও জ্বলজ্বল করে উঠবে নিশ্চিত।