দুই গোলে টটেনহামকে জিতিয়েছেন কেইন
দুই গোলে টটেনহামকে জিতিয়েছেন কেইন

৭ কোটি পাউন্ড আর ৬ পয়েন্টের ম্যাচে দুর্ধর্ষ কেইন

এই এক ম্যাচে জয়-হারেই চ্যাম্পিয়নস লিগে জায়গা নির্ধারণ হয়ে যায়নি। ম্যাচের আগের মতো এখনো আর্সেনাল পয়েন্ট তালিকার চার নম্বরেই আছে, টটেনহাম পাঁচ নম্বরে।

কিন্তু যে ম্যাচে হেরে গেলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে যেত, সে ম্যাচেই কী দুর্ধর্ষ রূপে দেখা দিলেন হ্যারি কেইন, সন হিউং মিনরা। নিজেদের মাঠে 'নর্থ লন্ডন ডার্বি'তে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম, তাতে জোড়া গোল কেইনের, অন্যটি সনের।

হেরে গেলে আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে যেত, সেখানে এখন চারে থাকা আর্সেনালের চেয়ে (৬৬ পয়েন্ট) মাত্র এক পয়েন্ট পিছিয়ে টটেনহাম।

লিগে বাকি দুই ম্যাচে গানারদের টপকে সেরা চারে উঠতে পারবে কন্তের টটেনহাম? পারলে পুরস্কার হিসেবে যে ৭ কোটি পাউন্ড অপেক্ষায়! কীভাবে? চ্যাম্পিয়নস লিগে জায়গা পেলেই যে বাড়তি ৭ কোটি পাউন্ড পাবে ক্লাব!

বিরতি থেকে ফিরেই গোল সনের

তারওপর এটি ডার্বি! সব মিলিয়ে উত্তেজনা চরমে ছিল, কিন্তু ম্যাচে ছড়ি ঘোরালেন কেইনরাই। শুরু থেকেই আর্সেনালের বক্সের সামনে উঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে ঝাঁপিয়েছেন কেইন-সনরা, তার ফলও এসেছে শুরুতেই। প্রথমার্ধ শেষ হতেই আর্সেনাল দশজনের দল, ২-০ গোলেও পিছিয়ে!

২২ মিনিটে বক্সে সনকে ফাউল করেন আর্সেনাল ডিফেন্ডার সেদরিক, পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল কেইনের। ম্যাচটা আর্সেনালের জন্য দুঃস্বপ্ন হয়ে যায় ৩৩ মিনিটেই। সাত মিনিট আগে সনকে ফাউল করে হলুদ কার্ড দেখা আর্সেনাল ফিফেন্ডার রব হোল্ডিং ৩৩ মিনিটে আবার অবৈধভাবে আটকে দিলেন গোলের দিকে ছুটতে থাকা সনকে। ফল? দুই হলুদ কার্ডে লাল কার্ড!

কেইনের হেডের পর বল জড়িয়ে যাচ্ছে জালে

এর চার মিনিট পরই টটেনহামের দ্বিতীয় গোল। সনের কর্নারে মাথা ছোঁয়ান রদ্রিগো বেনতাঙ্কুর, বল যায় কেইনের কাছে। ঝাঁপিয়ে পড়ে হেডে বল জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

বিরতির পর ফিরে আসবে কি, উল্টো ৪৭ মিনিটেই গোল খেল আর্সেনাল। এবার গোল সনের। আর্সেনাল বক্সে কেইনকে ট্যাকল করলে ভিড়ের মধ্যে বল এসে পড়ে সনের কাছে, মৌসুমে ২১তম গোলটি করতে কষ্ট হলো না সনের। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে লিভারপুল ফরোয়ার্ড মো সালাহর (২২ গোল) ঘাড়ে তপ্ত নিশ্বাস কোরিয়ান ফরোয়ার্ডের।