
>আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস ঢাকায় এসে পৌঁছেছেন। লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন এই সতীর্থকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস
আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস। লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন এই সতীর্থকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। মার্চের এএফসি কাপ দিয়ে বাংলাদেশের ফুটবলে অভিষেক হওয়ার কথা রয়েছে ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের। ঢাকায় পা রেখেই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের ব্যাপারে খোঁজখবর নিয়েই তাঁর আসা।
সকালে বিমানবন্দরে পা রেখে গণমাধ্যমকে বলেন, ‘প্রথমবারের মতো এই অঞ্চলের ফুটবল খেলতে এলাম। ইন্টারনেট ঘেঁটে বাংলাদেশ সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছি। বসুন্ধরা কিংস সম্পর্কে অনেক তথ্য নিশ্চিত হয়েই এখানে খেলার জন্য রাজি হয়েছি। আমাদের দলে তো শেষ বিশ্বকাপ খেলা কলিনদ্রেসও আছেন। আশা করি খুব ভালো একটা দল হতে পারব আমরা।’
২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোয় আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেক হয়েছিল বার্কোসের। কোচ আলেসান্দ্রো সাবেলার অধীনে সে ম্যাচে অবশ্য লিওনেল মেসি খেলেননি। তবে সে বছরই বিশ্বকাপ বাছাইপর্বে বার্কোস উরুগুয়ে ও চিলির বিপক্ষে দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে মেসি-হিগুয়েইন-আগুয়েরোরা খেলেছিলেন। একটি ম্যাচে তিনি বদলি ছিলেন হিগুয়েইনের, অন্যটিতে আগুয়েরোর। জাতীয় দলের হয়ে অবশ্য তাঁর কোনো গোল নেই।
ক্লাব-ক্যারিয়ারটা বার্কোসের গর্ব করার মতোই। খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোতে। ২০১২-১৩ মৌসুমে পালমেইরাসের হয়ে ২৯ ম্যাচে করেছিলেন ১৪ গোল। পরের দুই মৌসুমে গ্রেমিওর জার্সিতে ৬৯ ম্যাচে ২৩ গোল। ২০১৭ মৌসুমে ইকুয়েডর প্রিমিয়ার লিগের ক্লাব এলডিইউ কুইটোর হয়ে ২১ গোল করতে খেলেছেন ২৬ ম্যাচ। সর্বশেষ কলম্বিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের হয়ে ১৪ ম্যাচে ৬ গোল।
এএফসি কাপে এবার খেলবে বসুন্ধরা। আন্তর্জাতিক এ ক্লাব প্রতিযোগিতাকে সামনে রেখে বেশ আটঘাট বেঁধেই নামছে দলটি। বার্কোসকে আনা হচ্ছে সেই উদ্দেশ্যেই। নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে খেলবেন দ্বিতীয় পর্বে। অবশ্য এর আগে এএফসি কাপ দিয়ে মার্চেই তাঁর বসুন্ধরার জার্সিতে অভিষেক হওয়ার কথা।