ভিনিসিয়ুস জুনিয়র
ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুসকে থামানোর পরামর্শ সতীর্থদের দেবেন মদরিচ

কাতার বিশ্বকাপের শেষ আটের লড়াই শুরু আগামীকাল। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে দুই দলের ফুটবলারদের মধ্যে যুদ্ধ-যুদ্ধ ভাবের চেয়ে বন্ধুত্বের আবহটাই বেশি।

যে বন্ধুত্বের আবহটা ছড়াচ্ছেন ভিনিসিয়ুস ও লুকা মদরিচ। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র প্রশংসায় ভাসিয়েছিলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচকে। আজ মদরিচের কণ্ঠেও ঝরল ভিনিসিয়ুসের প্রশংসা। যদিও ভিনিকে থামাতে ক্লাবে একসঙ্গে খেলার অভিজ্ঞতা মদরিচ কাজে লাগাবেন, সে কথাও বলেছেন।

এই দুই ফুটবলারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও সম্ভবত কারও অজানা নয়। দুজনেই খেলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। গত এক যুগে রিয়ালের সফলতার অন্যতম কারিগর লুকা মদরিচ। রিয়ালে খেলছেন ২০১২ সাল থেকে। অন্যদিকে ভিনিসিয়ুস তরুণ। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন ২০১৮ সালে। রিয়ালের জার্সিতে শুরুর দিনগুলোতে নিজের ছায়া হয়ে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে দুই মৌসুম ধরে মাঠে দেখা মিলছে অন্য এক ভিনিসিয়ুসের।

লুকা মদরিচ

নিজের এ উন্নতির পেছনে যে অভিজ্ঞ মদরিচেরও অবদানের কথা বলেছেন ভিনি, ‘মাঠ ও মাঠের বাইরে মদরিচ সব সময় আমাকে শেখান। তিনি আমাকে প্রতিদিন সহায়তা করেন, সব সময় যেন আমার উন্নতি হয়, ব্যাপারটা নিশ্চিত করেন। মদরিচ আমার জন্য উদাহরণ। ৩৭ বছর বয়সেও শীর্ষ স্তরের ফুটবল খেলছেন, এমনটা সাধারণত দেখা যায় না। তাঁর বিপক্ষে খেলতে পেরে খুশি। মাঠে সেরা দলটাই জিতুক।’

রিয়ালের হয়ে যেমন দুর্দান্ত ছন্দে আছেন ভিনি, তেমনি ব্রাজিলের হয়েও দারুণ পারফর্ম করছেন এই ফুটবলার; চলতি বিশ্বকাপে যার ঝলক দেখা গেছে। ক্রোয়েশিয়াকে ব্রাজিল–বাধা পার করতে হলে ভিনিকে থামানোর উপায় বের করতে হবে মদরিচদের। আর সে জন্য সতীর্থদের পরামর্শও দেবেন তিনি। মদরিচ বলেছেন, ‘ভিনির মুখে আমার প্রশংসা শুনে ভালো লাগল। ও দারুণ একজন মানুষ, আমাদের সম্পর্কটাও দারুণ।

রিয়ালে যোগ দেওয়ার পর ও অনেক উন্নতি করেছে। আগামীকাল আমরা তাকে থামানোর চেষ্টা করব। আমি আমার সতীর্থদের তাকে থামানোর জন্য পরামর্শ দেব। আমি কিছু পরামর্শ দিয়ে যদি তাকে থামাতে পারি, তাহলে সেটাই করব। আমরা দুজনই নিজ দেশের প্রতিনিধিত্ব করছি, দেশের জন্য লড়াই করছি।’