
শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে ভরাডুবিই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ৪-০ গোলে হেরে প্রিমিয়ার লিগের শুরুতেই টানা দ্বিতীয় ম্যাচ হারল এরিক টেন হাগের দল। অবিশ্বাস্য ফলই। প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হারটাই বিরাট ব্যাপার ছিল, এরপর ব্রেন্টফোর্ড-বিপর্যয়! এই হারে ৩০ বছরের মধ্যে এই প্রথম লিগ টেবিলের তলানিতে স্থান ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি ম্যাগুয়েরদের।
লজ্জার রেকর্ড অনেক ঢাক-ঢোল পিটিয়ে কোচ হওয়া এরিক টেন হাগেরও। দ্বিতীয় কোচ হিসেবে লিগের প্রথম দুই ম্যাচে হারলেন তিনি। ভক্ত-সমর্থকেরা তো বটেই ডাচ কোচ তোপের মুখে পড়েছেন ইউনাইটেডের সাবেক তারকাদেরও। কাল নাকি ড্রেসিং রুমেই নিজের ক্ষোভ ঝেড়েছেন। কিন্তু তাতেও মনের খেদটা মেটেনি টেন হাগের। ম্যানচেস্টার ইউনাইটেডের সব ফুটবলারদের ছুটিও বাতিল করেছেন তিনি।
আগামী ২২ আগস্ট লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে কোনো ম্যাচ নেই ইউনাইটেডের। আজ রোববার ইউনাইটেড ফুটবলারদের জন্য ছুটি নির্ধারিতই ছিল। কিন্তু ব্রেন্টফোর্ডের বিপক্ষে হার বদলে দিয়েছে সব হিসেব- নিকেশ। হাতে সপ্তাহ খানিক সময় থাকলেও এখনই কাজ শুরু করতে চান এ ডাচ কোচ। মনোযোগ দিতে চান বাড়তি অনুশীলনে।
ব্রেন্টফোর্ডের কাছে হারার পর মাঠে ফুটবলারদের পরিকল্পনা বাস্তবায়নের ঘাটতির কথা বলেছিলেন ইউনাইটেড কোচ। সে ঘাটতি পূরণ করতেই বোধ হয় বাড়তি ঘাম ঝরানো! বাড়তি অনুশীলনে ঘাটতি কতটুকু পূরণ হয়, সেটা বোঝা যাবে আগামী ২২ আগস্ট লিভারপুল ম্যাচেই।