ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম শেষ হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত নয়টায় একযোগে মাঠে নামবে লিগের ২০ দল। আর এসব ম্যাচের মধ্য দিয়েই বিদায় নিতে যাচ্ছেন এমন কয়েকজন, যাঁরা লিগ বা ক্লাবের প্রতীক হয়ে ছিলেন দীর্ঘদিন। যাঁদের বিদায়ে শেষ হচ্ছে একেকটি অধ্যায়।
সবচেয়ে বড় বিদায় পর্বটি হবে ম্যানচেস্টার সিটিতে। দলের কোচ পেপ গার্দিওলার পাশাপাশি বের্নার্দো সিলভা আর জন স্টোনসেরও শেষ ম্যাচ আজ। আরেক বড় দল লিভারপুল বিদায় জানাবে ক্লাব কিংবদন্তি মোহাম্মদ সালাহ ও অ্যান্ড্রু রবার্টসনকে।
আর্সেনাল আগেই শিরোপা নিশ্চিত করে ফেলায় মৌসুমের শেষ দিনে ‘ফেয়ারওয়েলে’ই হয়তো চোখ থাকবে বেশির ভাগের। যেখানে ইতিহাদকে ঘিরে আবেগে ভাসবেন ম্যানচেস্টার সিটি সমর্থকেরা। গত ১০ বছরে ক্লাবটিকে যিনি সাফল্যে ভরিয়ে দিয়েছেন, ফুটবল–বিশ্বে নতুন পরিচয় দিয়েছেন, সেই গার্দিওলা শেষবার ডাগআউটে দাঁড়াবেন আজ।
২০১৬ সালে আসা স্প্যানিশ এই কোচের অধীনে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২০টি ট্রফি জিতেছে সিটি। এর মধ্যে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত টানা চারটি লিগ জিতেছে দলটি, উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে ক্লাবের ইতিহাসে প্রথমবার।
যে খেলোয়াড়দের ওপর ভর করে সিটির এই সাফল্য, তাঁদেরও দুজন বিদায় নিচ্ছেন আজ। গার্দিওলার সঙ্গে ২০১৬ সালে যোগ দিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার জন স্টোনস। ১০ বছরে ২৯৪ ম্যাচ খেলে বিদায় নিচ্ছেন তিনি।
পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা সিটিতে যোগ দেন ২০১৭ সালে। ৯ বছরের ক্যারিয়ারে ৪৫৯ ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ৭৬ গোল। সিলভা স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ অথবা ইতালির জুভেন্টাসে যোগ দিতে পারেন। আর স্টোনসের নাম শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও এভারটনের সঙ্গে জড়িয়ে।
ম্যানচেস্টারের আরেক ক্লাব ইউনাইটেডও আজ বিদায় জানাবে একজনকে। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে কাসেমিরো চার বছর পার করে এবার বিদায় নিচ্ছেন। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পরবর্তী গন্তব্যের আলোচনায় আছে লিওনেল মেসিদের ইন্টার মায়ামি।
এদিকে ইতিহাদের বাইরে আজ বড় বিদায় পর্ব অ্যানফিল্ডে। ব্রেন্টফোর্ডকে আতিথেয়তা দেওয়ার দিনে সালাহ ও রবার্টসনকে বিদায় জানাবে লিভারপুল। ৩৩ বছর বয়সী সালাহ অ্যানফিল্ডের ক্লাবটিতে কাটিয়েছেন ৯ বছর।
এ সময়ে খেলা ৪৪১ ম্যাচে নিজেকে ক্লাবের কিংবদন্তিতে পরিণত করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোল (১৯১), লিভারপুল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (২৫৭) হয়ে বিদায় নিচ্ছেন সালাহ। একই সঙ্গে শেষ ম্যাচ খেলবেন অ্যান্ডি রবার্টসন।
সালাহর সঙ্গে একই মৌসুমে অ্যানফিল্ডে আসা ৩২ বছর বয়সী এই লেফটব্যাক ৯ বছরে ৩৭৭ ম্যাচ খেলেছেন। স্কটল্যান্ডের এই ফুটবলার তুরস্কের ক্লাব ফেনেরবাচে অথবা প্রিমিয়ার লিগের টটেনহামে যেতে পারেন বলে গুঞ্জন আছে। আর সালাহর পরবর্তী ঠিকানা হতে পারে সৌদি প্রো লিগ।
শেষ পর্যন্ত যাঁর ঠিকানা যেখানেই হোক, আজকের দিনের বাস্তবতা হচ্ছে দীর্ঘ দিনের ঘর ছাড়তে যাচ্ছেন তাঁরা। গার্দিওলা আর স্টোনসের ১০ বছর আর সালাহ, রবার্টসন, বের্নার্দোরারা ৯ বছর পর...।