ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ লিগ শুরু করেছে মোহামেডান।
ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ লিগ শুরু করেছে মোহামেডান।

বাংলাদেশ ফুটবল লিগ

জয়ে মৌসুম শুরু মোহামেডানের, চাঁদপুরের এমন মাঠে কীভাবে পেশাদার ফুটবলের ম্যাচ

জয় দিয়ে নতুন ফুটবল মৌসুমের শুভসূচনা করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামে আজ স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ লিগ শুরু করেছে সাদাকালোরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। তবে ১৮ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মোহামেডান। উজবেক মিডফিল্ডার ও অধিনায়ক মোজাফফরভের কর্নার থেকে চমৎকার হেডে বল জালে জড়ান জাহিদ শান্ত। এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

গোল খেলেও ম্যাচে ফিরে আসার জন্য একাধিক সুযোগ তৈরি করেছিল ফকিরেরপুল। কিন্তু মোহামেডানের গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন নতুন যোগ দেওয়া গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সাদাকালো জার্সিতে নিজের প্রথম ম্যাচেই দলকে নির্ভরতা দিয়েছেন জিকো; প্রথমার্ধে ফকিরেরপুলের জোড়া আক্রমণ ব্যর্থ করে দিয়ে দলকে এগিয়ে রাখেন তিনি।

চলতি লিগে এটি ফকিরেরপুলের দ্বিতীয় ম্যাচ এবং প্রথম পরাজয়। আগের ম্যাচে সোলাইমান সিল্লার দুর্দান্ত জোড়া গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছিল তারা। আজকের ম্যাচেও সিল্লা ও সাইফ গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ফিনিশিংয়ের অভাবে তা কাজে লাগাতে পারেননি।

গত বছরের জানুয়ারিতে মোহামেডানকে হারিয়ে ঐতিহাসিক জয় উদযাপন করেছিল ফকিরেরপুল, যা ছিল পেশাদার যুগে মোহামেডানের বিপক্ষে তাদের প্রথম সাফল্য। এবার সেই হারের শোধ নিল সাদাকালোরা।

চাঁদপুর জেলা স্টেডিয়ামের বেহাল দশা। মাঠের অনেক জায়গায় ঘাস নেই, মাটি এবড়োখেবড়ো ও অসমান।

তবে মাঠের রোমাঞ্চকর খেলা ছাপিয়ে বড় আলোচনায় উঠে এসেছে চাঁদপুর জেলা স্টেডিয়ামের বেহাল দশা। মাঠের অনেক জায়গায় ঘাস নেই, মাটি এবড়োখেবড়ো ও অসমান। পেশাদার ফুটবলের মানদণ্ডে এমন মাঠে খেলা আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন বাজে মাঠেই দলগুলোকে বাধ্য হয়ে খেলতে হচ্ছে।

দিনের অন্য ম্যাচে পিডব্লুডির সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ পুলিশ ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসিকে।