সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে সতর্ক স্কালোনি
সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে সতর্ক স্কালোনি

স্কালোনির কাছে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ‘শুধুই একটি ম্যাচ’

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বোধ হয় পুরোনো বিতর্ক বা অতীত ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে চান না। তাই তো কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারানোর পর সামনে যখন ইংল্যান্ডের মতো বড় প্রতিপক্ষ, তখন তিনি বেশ শান্ত সুরেই কথা বললেন।

সেমিফাইনালের এ ম্যাচে চোখ রেখে স্কালোনি সাফ জানিয়ে দিলেন, ‘এটা শুধুই একটি ফুটবল ম্যাচ।’

আগামী বুধবার রাতে আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবল–দুনিয়ায় এ দুই দলের লড়াই মানেই অন্য রকম এক উত্তেজনা। মাঠের লড়াইয়ের বাইরেও তাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস আছে।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় যা মালভিনাস দ্বীপপুঞ্জ নামে পরিচিত) নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। অতীতে যুদ্ধও হয়েছে।

সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের উদ্‌যাপন

তবে স্কালোনি রাজনীতিকে খেলার মাঠে টেনে আনতে চান না। তিনি খেলাটাকে স্রেফ খেলার জায়গাতেই রাখতে চান। তাঁর পরিষ্কার বার্তা, ‘আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষের মুখোমুখি হব। তাদের একজন অসাধারণ কোচ আছেন। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’

টানা কয়েকটি কঠিন ম্যাচ পার করে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ চারে ভালো করতে হলে দলের খেলায় যে আরও উন্নতি করা প্রয়োজন, সেটা ভালোভাবেই বুঝতে পারছেন এই কোচ। কারণ, এর আগে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও ৩-২ ব্যবধানের কঠিন জয় পেয়েছিল তাঁর দল।

অবশ্য ম্যাচ জেতার জন্য খেলোয়াড়দের মনে যে তীব্র ক্ষুধা রয়েছে, সেটাই স্কালোনিকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা জিতেছি আমাদের জয়ের প্রবল ইচ্ছার কারণে। আসলে আমরা ম্যাচটি টাইব্রেকারে নিতে চাইনি। সেমিফাইনাল সত্যিই একটি বিশেষ কিছু। অনেক সময় আমরা এটিকে স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু এখানে পৌঁছানো মোটেও সহজ নয়। তাই খুশি হওয়া, সন্তুষ্ট থাকা এবং রোমাঞ্চিত হওয়ার যথেষ্ট কারণ আছে।’

টুর্নামেন্টের শেষটা আরও সুন্দর করতে চান স্কালোনি। সে জন্য লড়াই করার কোনো বিকল্প নেই, সেটাও দলের খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন তিনি। খেলোয়াড়দের উদ্দেশে তাঁর শেষ কথা, ‘আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। শরীরের শেষ শক্তি আর শেষ বিন্দু ঘাম দিয়ে চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত আমরা সফল হই, দারুণ হবে।’