ব্রাজিল ৩-১ ক্রোয়েশিয়া
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে শেষ প্রীতি ম্যাচটি খেলল ব্রাজিল। তাতে ফল সন্তোষজনক। ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের একাদশে ছয়টি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ আনচেলত্তি। তাতে ব্রাজিলের খেলায় ধার ফিরতে শুরু করে। যদিও প্রথম গোলটি ব্রাজিল পেয়েছে একটু দেরিতে। প্রথমার্ধে যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করেন দানিলো।
ক্রোয়েশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছিলেন, দানিলোর বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিশ্চিত। আজ তাঁর পারফরম্যান্সে খুশিই হওয়ার কথা আনচেলত্তির। ম্যাচের ৮৪ থেকে পরবর্তী ৮ মিনিটের মধ্যে হয়েছে আরও ৩ গোল।
৮৪ মিনিটে ফ্রুকের পাস থেকে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোলটি করেন লাভরো মেজর। এর ৪ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে আবারও এগিয়ে দেন ইগর থিয়াগো। যোগ করা (৯২ মিনিট ) সময়ে করা গোলটি গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। অর্থাৎ, ৫ মিনিটের মধ্যে ক্রোয়েশিয়ার জালে দুই গোল করেছে ব্রাজিল।
রদানিলোর গোলে বড় অবদান ভিনির। ম্যাথিয়াস কুনেহার পাস থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোল বানান রিয়াল মাদ্রিদ তারকা। ক্রোয়েশিয়া বিরতির পর একটু দাপট বিস্তার করে খেলেছে, গোলটি তারই ফল। তবে গোল হজম করার পর ব্রাজিল আবারও খেলার ধার বাড়ায়। ক্রোয়াটদের বক্সে এনদ্রিক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কুনেহা ও জোয়াও পেদ্রো একাধিকবার ক্রোয়েশিয়ার গোলকিপার দমিনিক লিভাকোভিচের পরীক্ষা নেন।
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে শেষ ম্যাচ বলেই হয়তো এ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা একটু বেশিই করেন আনচেলত্তি। আটজন বদলি নামান।
ফ্রান্স ম্যাচের মতো এ ম্যাচেও গ্যালারি থেকে ভেসে এসেছে নেইমারের নামে দর্শকদের স্লোগান। প্রথমার্ধে একটু কম হলেও বিরতির পর নেইমারের নামে স্লোগানে আওয়াজ বেড়েছে।
মারাকানা স্টেডিয়ামে আগামী ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ৬ জুন মিসরের বিপক্ষে বিশ্বকাপের আগে খেলবে শেষ প্রীতি ম্যাচ। এ দুটি ম্যাচে বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড থেকে একাদশ গড়বেন আনচেলত্তি। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ১৮ মে।