লিওনেল মেসি সারা মাঠে দৌড়ে খেলেন না। এটাই মেসির খেলার ধরন। বল পেলে তিনি দৌড়ান, ড্রিবলিং করেন। আবার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে তিনি ছোটেন। এর বাইরে আর্জেন্টাইন তারকা হয় দাঁড়িয়ে থাকেন, নয়তো হেঁটে বেড়ান মাঠে। টেলিভিশন ক্যামেরার বাইরে মেসির যে পদচারণ, তাতে তাঁকে হাঁটতেই দেখা যায় বেশি। স্টেডিয়ামে গিয়ে মেসির খেলা দেখলে, দুই চোখ সারাক্ষণ তাঁর ওপরে রাখলে মেসির হাঁটাহাঁটি চোখে পড়বে যে কারোরই। তবে মেসি নন, এবারের বিশ্বকাপের এক ম্যাচে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হেঁটেছেন পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি।
শনিবার শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২–১ গোলে হারিয়ে আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে। আগামী শুক্রবার শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গোল করেছেন, গোল করিয়েছেন হুলিয়ান আলভারেজকে দিয়েও। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করলেও মেসিই ছিলেন আর্জেন্টিনার দারুণ পারফরম্যান্সের মধ্যমণি। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর মেক্সিকোর বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে মেসির গোলেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচেও মেসিই ছিলেন আর্জেন্টিনার উজ্জ্বলতম পারফরমার।
আর্জেন্টিনার সব ম্যাচেই ফুটবল–দর্শকেরা মেসিকে মাঠে হেঁটে বেড়াতে দেখেছেন। তিনি যখন হেঁটে বেড়ান, তখন মনে হওয়াটাই স্বাভাবিক খেলাটাতে পুরো মনোযোগ নেই তাঁর। কিন্তু ‘হণ্টনরত’ মেসিই প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার সেরা খেলোয়াড়।
গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ম্যাচেই হাঁটায় মেসিকে ছাড়িয়ে গেছেন লেভা। বিবিসি স্পোর্টস জানিয়েছেন, তাঁর এই ম্যাচে হাঁটার পরিমাণ ৫২০২ মিটার দূরত্ব অতিক্রমের সমান। মেসি মেক্সিকোর বিপক্ষে হেঁটেছেন ৪৯৯৮ মিটার। মেসি পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে হেঁটেছেন ৪৭৩৬ মিটার। লেভারডফস্কি আর্জেন্টিনার বিপক্ষে ৪৮২৯ মিটার। সৌদি আরবের বিপক্ষে মেসির হাঁটার পরিমাণ ছিল ৪৬২৭ মিটার।
মেসির হাঁটার ব্যাপারে তাঁর একসময়ের ‘গুরু’ পেপ গার্দিওলার মন্তব্য, ‘মেসি হাঁটার সময় ডানে–বাঁয়ে তাকায়, প্রতিপক্ষের দুর্বলতার খুঁজতে থাকে। ৫–১০ মিনিট পর মাঠের পুরো মানচিত্রটি সে মাথায় নিয়ে নেয়। সে তখন জানে কোন দিক দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে।’