ব্রাজিল তারকা রাফিনিয়া
ব্রাজিল তারকা রাফিনিয়া

চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা

মাঠেই ডান ঊরুতে অস্বস্তি অনুভব করছিলেন রাফিনিয়া। বার্সেলোনা সমর্থকদের হৃদয়টা কি তখনই ছ্যাঁৎ করে উঠেছে!

ব্রিসবেনে গতকাল বাংলাদেশ সময় বিকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ ৪-২ গোলে জেতে ব্রাজিল। চোট পাওয়ায় রাফিনিয়াকে এ ম্যাচে বিরতির সময় তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এরপর বার্সা তারকাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি ব্রাজিল।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিবৃতিতে জানায়, ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে রাফিনিয়াকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। রাফিনিয়া এখন চিকিৎসার জন্য বার্সেলোনায় ফিরবেন।

ফিফার আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পর এখন উপমহাদেশে পা রাখায় প্রতীক্ষায় আনচেলত্তির দল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোনোরকম ঝুঁকি না নিতেই এ ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি রাফিনিয়াকে।

চোট থেকে সেরে উঠতে রাফিনিয়া এখন বার্সায় ফিরবেন

সিবিএফের বিবৃতিতে জানা গেছে, ইমেজিং পরীক্ষার মাধ্যমে রাফিনিয়ার চোট পাওয়ার জায়গায় ‘ছোট পেশির প্রদাহ’ (এডেমা) ধরা পড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, রাফিনিয়াকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়ার কারণ ‘সতর্কতা এবং দ্রুত সুস্থতা নিশ্চিত করা’। তাঁর বদলি হিসেবে কাউকে স্কোয়াডে ডাকবে না ব্রাজিল। মূলত উইঙ্গার হিসেবে খেলা রাফিনিয়া গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলে রায়ানকে গোল বানিয়ে দেন।

রাফিনিয়া গত মৌসুমেও চোটে ভোগেন। সে জন্য বিশ্বকাপেও ঠিকমতো খেলতে পারেননি। শঙ্কার বিষয় হলো, গত মৌসুমে যে জায়গায় চোট পেয়েছিলেন, গতকালের ম্যাচেও চোট পেয়েছেন একই জায়গায়। এর আগে শরীরের ওই অংশেই চারবার চোটে পড়েছেন রাফিনিয়া। ব্রাজিল ও বার্সেলোনার হয়ে তাঁকে ১৫০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়।

ঠিক কত দিন রাফিনিয়াকে মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো জানা যায়নি। কারণ, চোটের ধরন ও কারণটা এখনো বের করা যায়নি। তবে আন্তর্জাতিক বিরতির বাকি সময়টা পুনর্বাসনে কাটিয়ে আগামী ১০ অক্টোবর হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর মাঠে ফেরার অপেক্ষায় বার্সার সমর্থকেরা। এর চেয়ে দীর্ঘ মেয়াদে ছিটকে গেলে অক্টোবরে বার্সার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনিয়াকে নাও দেখা যেতে পারে। কারণ, সামনে গালাতাসারাই, রিয়াল বেতিস, পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ রয়েছে কাতালান ক্লাবটির।

বারবার একই জায়গায়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ছেন রাফিনিয়া

গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে হালকা হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় রাফিনিয়াকে। এর আগে ২০২৫-২৬ মৌসুমের শেষেও হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাস মাঠের বাইরে কাটাতে হয়। এমনকি ওই মৌসুমের শুরুতেও একই চোটের কারণে প্রায় দুই মাস দলের বাইরে ছিলেন।

রাফিনিয়ার চোটে বার্সা স্বাভাবিকভাবেই বেশ উদ্বিগ্ন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতি থেকেও চোট নিয়ে ক্লাবে ফিরেছিলেন রাফিনিয়া। এবারের মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। ৮ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ৩টি গোলও বানিয়েছেন। এমন খেলোয়াড় চোটে পড়লে ক্লাবের দুশ্চিন্তায় পড়া স্বাভাবিক।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা সেই দুশ্চিন্তা গোপন রাখেননি। কাতালুনিয়া রেডিওর অনুষ্ঠান ‘তোত কস্তা’–কে লাপোর্তা বলেছেন, ‘সংবাদটি আমাদের মর্মাহত করেছে। আমরা এমআরআই রিপোর্টের অপেক্ষায় আছি এবং জানি যে আন্তর্জাতিক বিরতিতে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।’

এবারের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলে কোচ আনচেলত্তির মূল খেলোয়াড়দের একজন রাফিনিয়া। ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি মারকিনিওসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং পেনাল্টি নেওয়ার দায়িত্বও পেয়েছেন।

ব্রাজিল দলের আজ বিশ্রামের দিন। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে ব্রিসবেনে তারা আরও একটি অনুশীলন সেশন করবে।