
আগামী ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ-২০২৬ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। খেলোয়াড় দলবদল ১০ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর এক মাসও বাকি নেই। অথচ ঢাকার ক্নাবপাড়ায় সেটির কোনো প্রতিফলন নেই। ফুটবলে প্রাক্–মৌসুম প্রস্তুতি বলে যে একটা জরুরি ব্যাপার আছে, ঢাকার ক্লাবগুলোকে দেখলে তা বোঝার উপায় নেই। আবাহনী এখনো কোচই চূড়ান্ত করেনি, মোহামেডানও না। এদিকে খেলোয়াড়দের দলবদল শুরু হয়ে গেছে। ফিফার দলবদল নিষেধাজ্ঞার গেরোয় আটকে থাকায় সেখানেও দেশের ফুটবলের দুই পরাশক্তি বসুন্ধরা কিংস ও আবাহনীর দৃশ্যমান কোনো তৎপরতা নেই।
বাফুফে ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। ২৫ আগস্ট শুরু ফেডারেশন কাপ, আর বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ড ২৮ ও ২৯ আগস্ট। ১০ জুলাই শুরু হয়ে যাওয়া খেলোয়াড়দের দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
সাবেক বিদেশি কোচ ও খেলোয়াড়দের বকেয়া পাওনা শোধ না করায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল দেশের শীর্ষ তিন ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী ও মোহামেডান। ৫৭ হাজার ডলার (৭০ লাখ টাকার কিছু বেশি) পরিশোধ করে সেই নিষেধাজ্ঞা কাটিয়েছে মোহামেডান। দলবদলের বাজারেও তাই তাদেরকেই একটু সক্রিয় দেখা যাচ্ছে। গত মৌসুমের ১৮ জন খেলোয়াড়কে রেখে দেওয়ার পাশাপাশি ক্লাবটি মোট ২৪ জন খেলোয়াড়কে নিশ্চিত করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য গোলকিপার সুজন হোসেন, আরিফ হোসেন, রহমত মিয়া, রহিম উদ্দিন, আমির হাকিম ও সৌরভ দেওয়ান।
মোহামেডান সূত্রের দাবি, কিংসের তিন তারকা ডিফেন্ডার সাদ উদ্দিন ও রিমন হোসেন, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন এবার সাদা–কালো জার্সি গায়ে তুলবেন। শোনা যাচ্ছিল কিংস অধিনায়ক তপু বর্মণের নামও। তবে তপু কিংসেই থাকছেন বলে খবর। কিংসের এক কর্মকর্তা অবশ্য বলছেন, সোহেল রানা জুনিয়র ও ফাহিম কিংসেই থেকে যাবেন; আর সাদের থাকা না থাকার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।
কিংসের খেলোয়াড়দের দলে নেওয়ার বিষয়ে মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান মতিঝিলের ক্লাব ভবনে বসে গতকাল প্রথম আলোকে বলেন, ‘ক্লাব অনেকের সঙ্গেই কথা বলছে। এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে চাই আমরা। কিংসের কয়েকজনও সে তালিকায় আছে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’ অন্যদিকে সাদ বলেছেন, ‘মোহামেডানের সঙ্গে বেশ আগে প্রাথমিক কথা হয়েছিল। কানাডা থেকে এক দিন আগে দেশে ফেরায় এখনো সর্বশেষ কিছু জানা নেই আমার।’
আবাহনী ফিফার একটি নিষেধাজ্ঞা তুলেছে। অন্য দুটি নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া চলছে। জানা গেছে, তিনটি নিষেধাজ্ঞা তুলতে আবাহনীর খরচ হবে প্রায় আড়াই কোটি টাকা। অন্যদিকে গত মৌসুমে ট্রেবলজয়ী কিংসের বিরুদ্ধে পাওনা নিয়ে ১১টি অভিযোগ জমা পড়েছে ফিফার কাছে। এ মাসের মধ্যেই সবগুলোর সুরাহা করার চেষ্টা চলছে জানিয়ে ক্লাবের এক কর্মকর্তা বলেছেন, ১ আগস্ট কিংসের ক্যাম্প শুরু হবে। আবাহনী–মোহামেডান কবে থেকে প্রস্তুতি শুরু করবে, সেটিই এখনো চূড়ান্ত হয়নি।
বিদায়ী মৌসুমে দক্ষিণ এশিয়ার পাঁচজন ফুটবলারকে ‘স্থানীয়’ হিসেবে নিবন্ধনের সুযোগ দেওয়ায় স্থানীয় ফুটবলারদের একাদশে খেলার সুযোগ কমে গিয়েছিল। গত এপ্রিলে একদল ফুটবলার সাফ দেশ এবং বিদেশি কোটায় দুজন করে রাখার প্রস্তাব দেন। এরপর ৯ জুলাই বাফুফে আনুষ্ঠানিকভাবে জানায়, সাফ কোটা কমিয়ে সর্বোচ্চ তিনজন করা হয়েছে। বিদেশি খেলোয়াড় আগের মতোই সর্বোচ্চ চারজন নিবন্ধন করানো যাবে, খেলতে পারবেন তিনজন।
নতুন মৌসুম শুরু হতে এক মাসও বাকি নেই। তারপরও ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এএফসি ছাড়া আর কোনো ক্লাবই প্রাক্–মৌসুম প্রস্তুতি শুরু করেনি। এই দুই ক্লাবের অবশ্য প্রস্তুতি শুরু না করে উপায় ছিল না। কারণ এশিয়ার ক্লাব ফুটবলের তৃতীয় স্তর চ্যালেঞ্জ লিগের প্লে-অফ খেলবে তারা। ১১ আগস্ট ঢাকার কিংস অ্যারেনায় ফর্টিসের প্রতিপক্ষ কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেড আর জর্ডানের আম্মানে পুলিশের প্রতিপক্ষ সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন আল-ইতিহাদ আহলি ক্লাব।