গ্রুপ পর্বের প্যারাগুয়ে–তুরস্ক ম্যাচ পরিচালনা করেন ইভান বারটন
গ্রুপ পর্বের প্যারাগুয়ে–তুরস্ক ম্যাচ পরিচালনা করেন ইভান বারটন

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল ম্যাচের রেফারি কে এই বারটন

এবারের বিশ্বকাপে রেফারিদের কিছু সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে। টুর্নামেন্ট এখন শেষের দিকে, রেফারিদের প্রতিটি সিদ্ধান্তের প্রভাব আরও বেশি পড়বে। এমন সময়ে ফিফা রেফারি নিয়োগ দিচ্ছে বেশ বুঝেশুনে। রেফারি নিয়োগে শুধু অভিজ্ঞতা নয়, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে কেমন রেফারিং করেছেন, দেখা হচ্ছে সেটিও।

সাধারণত ম্যাচের আগের দিন ফিফা রেফারির নাম ঘোষণা করে। আগামীকাল ডালাসে ফ্রান্স–স্পেনের প্রথম সেমিফাইনালের রেফারিদের নাম এরই মধ্যে চূড়ান্ত করেছে ফিফা। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে থাকবেন ইভান বারটন। এল সালভাদরের এই রেফারি টুর্নামেন্টে এরই মধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। সেমিফাইনালটি হবে এবারের বিশ্বকাপে তাঁর চতুর্থ ম্যাচ।

কনকাকাফ অঞ্চলের অভিজ্ঞ রেফারি বারটন নিয়মিতই নেশনস লিগ ও গোল্ড কাপের মতো প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তাঁর প্রথম বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তুরস্ক–প্যারাগুয়ে ও জাপান–সুইডেন ম্যাচ এবং শেষ ষোলোয় কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

শেষ ষোলোয় কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচও পরিচালনা করেন বারটন

তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন বারটন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলেন। মুলদুর সঙ্গে সঙ্গে বারটনের দৃষ্টি আকর্ষণ করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে আলমিরনকে লাল কার্ড দেখান বারটন। মুখ ঢেকে কথা বলায় প্রথম লাল কার্ড দেখানোর ঘটনা ছিল সেটি। এবারের আসরে এমন লাল কার্ড এরপর আর দেখা যায়নি।

ফ্রান্স–স্পেন ম্যাচে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তাঁরই স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ। রিজার্ভ সহকারী রেফারি থাকবেন মাহবোদ বেগি।

এই ম্যাচের দায়িত্ব পাওয়ার মাধ্যমে ইতিহাসও গড়তে যাচ্ছেন বারটন। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি তিনি।