ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন এনজো ফার্নান্দেজ
ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন এনজো ফার্নান্দেজ

এনজো ফার্নান্দেজের সিটি-অভিষেক তাহলে কালই

এনজো ফার্নান্দেজের সঙ্গে নীল রঙের মাখামাখিটা নতুন নয়। তবে এবার সেই নীলে একটু ভিন্ন রঙের ছোঁয়া। স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে ইতিহাদ স্টেডিয়ামকে ঠিকানা বানিয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। গাঢ় নীল থেকে হয়েছে আকাশি নীল, সামনে নতুন চ্যালেঞ্জ। ম্যানচেস্টার সিটির জার্সিতে কালই তাঁর অভিষেক হয়ে যেতে পারে—খবরটা নিশ্চিত করেছেন সিটি কোচ এনজো মারেসকা।

গত শুক্রবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠে সিটির ৪–১ ব্যবধানের বড় জয়ের পরপরই চুক্তিটা পাকা হয়। শুধু এনজো ফার্নান্দেজই নন, সিটিতে যোগ দিয়েছেন নতুন দুই উইঙ্গার আলান ইলিয়াস ও ইলিমান এনদিয়ায়ে। ইতিহাদ স্টেডিয়ামে দলের পরের ম্যাচে এনজোর পাশাপাশি এ দুজনকেও দেখা যেতে পারে।

ম্যানচেস্টার সিটিতে আসার আগে চলতি মৌসুমে চেলসির হয়ে মাত্র ২৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন এনজো। তবে ইতিহাদে প্রথম মুহূর্ত থেকেই আলো ছড়াতে প্রস্তুত বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। ওদিকে ট্রান্সফার উইন্ডো শেষে স্কোয়াডের চেহারা দেখে বেশ সন্তুষ্ট সিটির ইতালিয়ান কোচ মারেসকাও।

আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এনজোকে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখাল মারেসকাকে, ‘এনজো প্রস্তুত, একদম পুরোপুরি তৈরি। ওকে আমি বেশ ভালোভাবেই চিনি। দলটাকে ও কী দিতে পারবে, সেটা আমার ভালো করেই জানা আছে।’

এনজো ফার্নান্দেজকে কিনতে বড় খরচ করেছে ম্যানচেস্টার সিটি, যা আবার চেলসির আয়ে বড় ভূমিকা রেখেছে

কথাটি মিথ্যা নয়। চেলসিতে এনজোর সঙ্গে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডারকে নিয়ে বলেছেন, ‘ও একজন বিজয়ী। ওর ভেতরে সত্যিকারের বিজয়ী মানসিকতা আছে, কীভাবে জিততে হয় সেটা ও জানে। বিশ্বকাপ জিতেছে, ক্লাব বিশ্বকাপ জিতেছে...আসল কথা হলো, ও বিজয়ী।’

ট্রান্সফার উইন্ডোর একদম শেষ দিনে চুক্তি সম্পন্ন করে এনজো দলে আসায় দারুণ রোমাঞ্চিত এই ইতালিয়ান কোচ। ড্রেসিংরুমের আবহাওয়াটাও নাকি এখন অন্য রকম। মারেসকা যোগ করলেন, ‘যখন কোনো দলে আরও একজন বিজয়ী ফুটবলার এসে যোগ দেয়, দলের অন্যরাও তখন দারুণ খুশি হয়। আমি নিশ্চিত করতে পারি, গত পাঁচ দিনে আমার দলের চার–পাঁচজন ফুটবলার নিজে থেকে এসে জানতে চেয়েছে, এনজো সত্যি আসছে কি না! আমাদের সঙ্গে ওর এই থাকাটা ভীষণ অর্থবহ।’