বড় জয় এসেছে। চার গোলের উৎসবও হয়েছে। কিন্তু সেই আনন্দে ভেসে যেতে রাজি নন জামাল ভূঁইয়া। সামনে যে আরও কঠিন পরীক্ষা। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পর বাংলাদেশ অধিনায়কের চোখ এখন পাকিস্তান ম্যাচে।
জামালের কাছে শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই মিডফিল্ডার। আজ সকালে কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সাংবাদিকদের জামাল বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’
শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করেছে বাংলাদেশ। নিজেদের জালও রেখেছে অক্ষত। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক। জামালের কথায়, ‘আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। পাশাপাশি আবারও গোল হজম না করে ম্যাচ শেষ করেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি।’
পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। দুই দলের ১৭ দেখায় বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৫টি। বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র।
তবে সাফের শিরোপার প্রশ্নে পাকিস্তান এখনো শূন্য হাতে। অন্যদিকে বাংলাদেশের একমাত্র শিরোপা ২০০৩ সালে, ঘরের মাঠে। ২৩ বছর পর আবারও দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
সেই স্বপ্নের পথে পাকিস্তান ম্যাচের আগে পুরো দলকে প্রস্তুত রাখার ওপর জোর দিয়েছেন জামাল। দুই ম্যাচের মাঝে সময় কম। তাই দলের প্রত্যেক খেলোয়াড়ের ফিট থাকা জরুরি বলে মনে করেন তিনি। জামাল বলেন, ‘আমাদের পুরো দলকেই প্রয়োজন। গতকাল ম্যাচ খেলেছি, আবার দুই দিন পরই আরেকটি ম্যাচ। তাই পুরো দলকে প্রস্তুত রাখা জরুরি।’
এরই মধ্যে চোটের কারণে সাফ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও বলেছেন অধিনায়ক। জামালের ভাষায়, ‘সাদ চোট পেয়েছে। অবশ্যই তার জায়গায় বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয়ও সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডকেই দরকার।’
শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর দুর্দান্ত গোলটিও নজর কেড়েছে জামালের। তবে ফারহানকে অন্য কোনো তারকার সঙ্গে তুলনা করতে চান না তিনি। চান, নিজের পরিচয়েই পরিচিত হোক এই তরুণ। জামাল বলেন, ‘আমি চাই, ফারহান নিজের নামেই পরিচিত হোক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’
দলের আরেক তারকা হামজা চৌধুরীর পারফরম্যান্স ও নেতৃত্বেও মুগ্ধ জামাল। তাঁর চোখে হামজাই বাংলাদেশের সেরা খেলোয়াড়। জামালের কথায়, ‘হামজা দলের সেরা খেলোয়াড়। ওর জন্য আমি সত্যিই খুব খুশি।’
১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের দুই সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে বেলা তিনটায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। এরপর রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।