ডেভিড ওয়োরি
ডেভিড ওয়োরি

ডাকাতের পিটুনিতে উগান্ডার জনপ্রিয় ফুটবলারের মর্মান্তিক মৃত্যু

সন্দেহভাজন একদল ডাকাতের পিটুনিতে মারা গেছেন উগান্ডার অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরি। ২৭ বছর বয়সী এ ফুটবলারের মৃত্যুতে উগান্ডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  

রাজধানী কাম্পালায় ওয়োরির নিজ বাড়ির কাছে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মোবাইল ও অন্যান্য জিনিস ছিনতাইয়ের চেষ্টার প্রতিবাদ করায় ওয়োরির ওপর মারাত্মক হামলা চালানো হয়। মর্মান্তিক এ ঘটনাকে কেন্দ্র করে যেমন দেশজুড়ে শোক প্রকাশ করা হচ্ছে, তেমনি উগান্ডায় সহিংস অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওয়োরি উগান্ডা প্রিমিয়ার লিগে রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন স্পোর্টস ক্লাব ভিলার অধিনায়ক। ক্লাবটিতে রাইটব্যাক এবং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। ডাক পেয়েছেন উগান্ডা জাতীয় দলেও।

স্পোর্টস ক্লাব ভিলার শোকবার্তায় বলা হয়, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি—হারিয়েছি একজন নেতা, ভাই ও বন্ধুকে।’

উগান্ডার সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে কাম্পালার উপকণ্ঠ মাকিন্ডিয়েতে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের শিকার হয়ে মারা যান ওয়োরি। তাঁর ক্লাবের সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সেদিন রাত আটটা নাগাদ নিজ বাড়ির কাছে হামলার শিকার হন ওয়োরি। হামলাকারী ইট দিয়ে তাঁর মাথায় এবং শরীরে আঘাত করে। এরপর ওয়োরির সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে অচেতন অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ওয়োরিকে উদ্ধার করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কেস ক্লিনিকে স্থানান্তরিত করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাম্পালা মেট্রোপলিটন পুলিশের উপ-মুখপাত্র লুক ওয়োইয়েসিগিরে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ডেভিড ওয়োরি যখন ফুটবল মাঠে ছিলেন

ওয়োইয়েসিগিরে বলেন, ‘আমরা হামলাকারীদের খোঁজে ইতিমধ্যে অভিযান শুরু করেছি এবং তদন্ত চলছে। ঠিক কী কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে এবং তাঁর কাছ থেকে তারা কী কী ছিনিয়ে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’ স্থানীয় পুলিশ মুখপাত্র র‍্যাচেল কাওয়ালা জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছে।

ভক্তদের কাছে ‘কোলগেট’ নামে পরিচিত এই ডিফেন্ডারের স্মরণে শোক ও শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। উগান্ডা ফুটবল ফেডারেশন ওয়োরিকে স্মরণ করে বলেছে, তিনি ছিলেন ‘মাঠ এবং মাঠের বাইরে এক সত্যিকারের নেতা।’

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘ডেভিড শুধু একজন ফুটবলার ছিলেন না; তিনি ছিলেন পুরো প্রজন্মের অনুপ্রেরণা।’ এর পাশাপাশি উগান্ডা জাতীয় ফুটবল দল ‘দ্য ক্রেনস’ শোক প্রকাশ করে জানিয়েছে, দেশটি এমন এক ফুটবল তারকাকে হারাল, যিনি পুরো উগান্ডার আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন।

উগান্ডার সংসদে গতকাল ওয়োরির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দ্রুত তদন্ত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

কৌশলগত দক্ষতা এবং মাঝমাঠে যেকোনো পজিশনে খেলায় পারদর্শিতার জন্য পরিচিত ছিলেন ওয়োরি। দুই বছর ইউরোপের (ভেলেজ সিএফ ও উতসিকতেন্স বিকে) ক্লাব ফুটবলে কাটিয়ে ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে স্পোর্টস ক্লাব ভিলায় ফেরেন ওয়োরি। দীর্ঘ ২০ বছর পর ২০২৪ সালে ক্লাবের লিগ জয়ে বড় ভূমিকা রাখেন।

এর আগে ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত প্রথম মেয়াদে ছিলেন স্পোর্টস ক্লাব ভিলায়।
সাম্বিয়া ইয়াং স্টারস একাডেমিতে ওয়োরির ফুটবলের হাতেখড়ি। এরপর ওয়েম্বলি সকার একাডেমি হয়ে কাম্পালাভিত্তিক আঞ্চলিক ক্লাব লুকুলি ইউনাইটেডে নিজের ভিত শক্ত করেন। ২০১৬ সালে যোগ দেন দেশের ক্লাব ভাইপার্স এসসিতে। দুই বছর পর যোগ দেন স্পোর্টস ক্লাব ভিলায়।

বিবিসি জানিয়েছে, ২০২১ আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে উগান্ডা জাতীয় দলে ছিলেন ওয়োরি। জাতীয় দলে তাঁর নিয়মিত জায়গা করে নেওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছিল।

ওয়োরির মর্মান্তিক মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই কাম্পালায় সহিংস অপরাধের লাগামহীন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছেন।

কাম্পালায় গণপিটুনিতে উগান্ডার আরেক ক্রীড়াতারকা এবং জাতীয় রাগবি দলের খেলোয়াড় সিডনি গংগোদিয়োর মর্মান্তিক মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহের মাথায় ওয়োরিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।