বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কপালে ভাঁজ আরেকটু বড় হলো। এমনিতেই নিয়মিত একাদশের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখনো সেরে ওঠেননি, এর মধ্যে ধাক্কা হয়ে এলো অনুশীলনে আরেক ডিফেন্ডার লেওনার্দো বালের্দির চোট। পেশিতে পাওয়া সেই চোট এতটাই বড়, বিশ্বকাপেই আর খেলা হবে না ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের এই ডিফেন্ডারের।
খবরটা এর মধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এখন তাঁর জায়গায় নতুন কাউকে নিতে হবে স্কালোনিকে।
বালের্দি আর্জেন্টিনার ঠিক নিয়মিত একাদশের জন্য স্কালোনির ভাবনায় হয়তো নেই, তবে সেটারব্যাক পজিশনে ওতামেন্দি-রোমেরো-লিসান্দ্রোদের বিকল্প হিসেবে ছিলেন ২৬ জনের স্কোয়াডের অংশ। কিন্তু অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে পান চোট। সেটাই শেষ করে দিয়েছে তাঁর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন। এখন ৫৫ জনের প্রাথমিক দল থেকে অন্য কোনো ডিফেন্ডারকে বেছে নিতে হবে স্কালোনিকে।
আগামীকাল ভোর ছয়টায় হন্ডুরাসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।