হুলিয়ান আলভারেজ
হুলিয়ান আলভারেজ

আলভারেজকে ধরে রাখতে তাঁর ‘বন্ধু’কে আনার চেষ্টায় আতলেতিকো

দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছে আতলেতিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত মিলবে কি? মিললে অবশ্য আতলেতিকোরই লাভ। হুলিয়ান আলভারেজকে ধরে রাখার আশাটা তাতে আরও জোরালো হয়। পাশাপাশি রক্ষণভাগও হবে আরও অনেক বেশি শক্তিশালী।

ভণিতা ছেড়ে সোজা কথাটা সোজা করেই বলা যাক। হুলিয়ান আলভারেজ আতলেতিকো ছেড়ে বার্সায় যোগ দিতে চান, তা স্পষ্ট করে জানা গেছে সর্বশেষ বিশ্বকাপেই। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর আলভারেজ নিজেই বলেছিলেন, ‘স্বপ্নপূরণ’ করতে তিনি ক্লাবটি ছাড়তে চান। বিভিন্ন সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, আলভারেজ আসলে বার্সায় যোগ দিতে চান।

রিয়াল মাদ্র্রিদ ও বার্সেলোনা আলভারেজকে কিনতে লাইন দিয়ে দাঁড়িয়েছে। ওদিকে আতলেতিকো আলভারেজকে কোনোভাবেই বেচবে না। বার্সার ১০ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে উল্টো কাতালান ক্লাবটির সমালোচনা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অভিযোগ দায়ের করে আতলেতিকো।

সোজা কথায়, আলভারেজকে বেচবে না মাদ্রিদের ক্লাবটি। ২০৩০ সালের জুনে ক্লাবটিতে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। এর পাশাপাশি রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো। এত কিছুর পরও আতলেতিকো আসলে ঠিক নির্ভার হতে পারছে না। আর ঠিক এমন পরিস্থিতিতেই দুইয়ে দুইয়ে চার মেলানোর কথা ভাবছে আতলেতিকো।

ক্রিস্টিয়ান রোমেরো

ক্রিস্টিয়ান রোমেরো—আলভারেজের আর্জেন্টিনা জাতীয় দল সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু। টটেনহাম হটস্পার থেকে তাঁকে উড়িয়ে এনে আলভারেজকে ধরে রাখতে চায় আতলেতিকো, এমন খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

আর্জেন্টিনা রক্ষণের স্তম্ভ রোমেরো চলতি গ্রীষ্মে টটেনহাম ছাড়তে প্রস্তুত। তাঁর ব্যক্তিগত ইচ্ছা আর্সেনালে যোগ দেওয়া। কিন্তু টটেনহাম তাঁকে লিগের প্রতিদ্বন্দ্বীদের কাছে বেচবে না। ইএসপিএন জানিয়েছে, আতলেতিকো তাঁকে কেনার চেষ্টা করছে।
‘মার্কা’র খবর, আতলেতিকো মনে করে রক্ষণে রোমেরোকে পাওয়া গেলে দলের শক্তি আরও বাড়বে। পাশাপাশি আলভারেজকে নিয়ে তৈরি হওয়া সংকটেরও সমাধান হবে।

আলভারেজ ও ‘কুটি’ রোমেরোর বন্ধন শুধু আর্জেন্টিনার জার্সিতেই সীমাবদ্ধ নয়। দুজনের বয়সের ব্যবধান মাত্র তিন বছরের। স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত আলভারেজের ওপর রোমেরোর মানসিক প্রভাবও স্পষ্ট। এ কারণেই মনে করা হচ্ছে, আলভারেজকে নিয়ে এখন যে পরিস্থিতি চলছে, সেটার সমাধানে আতলেতিকোর নির্ভরযোগ্য ‘সহযোগী’ হয়ে উঠবেন রোমেরো। পাশাপাশি আলভারেজ নিজেও সব সময় রোমেরোকে পাশে চেয়েছেন।

আর্জেন্টিনা জাতীয় দলে সতীর্থ আলভারেজ ও রোমেরো

ম্যানচেস্টার সিটি থেকে ২০২৪ সালে আতলেতিকোয় যোগ দেন আলভারেজ। স্পেনে দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে ‘মার্কা’কে আলভারেজ বলেছিলেন, তিনি যত ডিফেন্ডারের মুখোমুখি হয়েছেন, তাঁদের মধ্যে রোমেরোই সেরা। সেই কথা মাথায় রেখে আতলেতিকোর নীতিনির্ধারকদের আশা, ড্রেসিংরুমে রোমেরোর উপস্থিতি এই স্ট্রাইকারকে বার্সায় যাওয়ার চিন্তাভাবনা দূরে সরিয়ে রাখবে।

টটেনহামের কাছ থেকে প্রায় ৪ কোটি ইউরোয় রোমেরোকে কেনার ব্যাপারে আশাবাদী আতলেতিকো। এ চুক্তি আলোর মুখ দেখলে ক্লাবটি মনে করছে, আলভারেজের পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।