লিগ টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান
লিগ টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান

মোহামেডানের তিনে তিন, গাজীপুরে সিটিকে হারাল কিংস

বাংলাদেশ ফুটবল লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে ২-০ গোলে হারিয়েছে সাদা-কালোরা। একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা সিটি ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পুলিশ এফসি। অন্যদিকে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা কিংস।

লিগে প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকা সিটি ক্লাব আজ কিংসের বিপক্ষে সুবিধা করতে পারেনি। গোলের কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ঢাকার দলটি।

কখনো বল হারিয়ে, কখনো লক্ষ্যভ্রষ্ট শটে, আবার কখনো প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করতে না পেরে হতাশ হতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত লিগের নবাগত দলটিকে হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে।

অন্যদিকে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। সিটি ক্লাবের গোলমুখে ১৩টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। এর মধ্যে তিনটি শট থেকেই গোল পায় দলটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর দ্রুতই এগিয়ে যায় কিংস। ৪৯ মিনিটে রবসনের গোলে লিড নেয় তারা। এরপর ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ওগবুগ। আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের মধ্যে এমেকাকে ফাউল করেন সিটি ক্লাবের মিডফিল্ডার ফরহাদ মিয়া।

তিন ম্যাচ খেলে শতভাগ জয় ধরে রেখেছে মোহামেডান

রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এমেকা। যোগ করা সময়ে মোহাম্মদ আবদুল্লাহর বাড়ানো আড়াআড়ি পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন কাজেম শাহ।

এদিকে পিডব্লুডির বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সাদা-কালোরা। ৪৬ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে সহজেই বল জালে জড়ান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।

গোল খাওয়ার পর সমতায় ফেরার চেষ্টা করে পিডব্লুডি। তবে মোহামেডানের গোছানো রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ৭৮ মিনিটে মিনহাজুল আবেদিনের গোলে ব্যবধান বাড়ায় মোহামেডান। সেখান থেকে আর ম্যাচে ফেরা হয়নি পিডব্লুডির। আগামীকাল লিগে ম্যাচ আছে তিনটি।