
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ লিগ লড়াই এখন চূড়ান্ত রোমাঞ্চের মুখে। ১৮ রাউন্ডের মধ্যে দুই রাউন্ড বাকি থাকতে শিরোপাপ্রত্যাশী দুই দল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে একে।
আজ বাংলাদেশ ফুটবল লিগের ১৬তম রাউন্ডে আবাহনী ২-০ গোলে পিডব্লুডিকে হারালেও এগিয়ে থেকে ঘটনাবহুল ম্যাচে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কিংস। পয়েন্টের হিসাব বলছে, আগামী রাউন্ডেই নিষ্পত্তি হয়ে যেতে পারে চলতি মৌসুমে দেশের শীর্ষ ফুটবল লিগে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে আতিথ্য দেয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকেই দাপট দেখালেও গোলের দেখা পেতে কিংসকে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস বাড়ান উইঙ্গার রাকিব। বক্সে অরক্ষিত কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ নিখুঁত হেডে বল জালে জড়ান।
৫৩ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ১-১। পুলিশ ফ্রি-কিক পায়, তা থেকে জয়ন্ত বল নামিয়ে দেন বক্সে। কিংসের ডিফেন্ডার সাদ বল ক্লিয়ার করতে না পারলে ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাওলো সান্তোস জটলার মধ্যে বাঁ পায়ের শটে গোল করে সমতা ফেরান। তবে সেই পাওলো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিছুক্ষণ পরই। ৬৩ মিনিটে পুলিশের বিদেশি খেলোয়াড় বদল নিয়ে জটিলতায় বন্ধ হয়ে যায় ম্যাচ।
ঘটনা ছিল, পাওলো লাল কার্ড দেখার পর পুলিশ এফসি আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোকে নামায়। এতে আপত্তি করে কিংস। কারণ, নিয়ম হলো কোনো দলের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি ফুটবলার খেলতে পারবেন। পুলিশ তিনজন বিদেশি নিয়ে শুরুতেই নেমেছিল এবং একজন বিদেশি লাল কার্ড দেখার পর স্থানীয় একজন খেলোয়াড়ের বদলে আরেকজন বিদেশি নামানো নিয়ে তৈরি হয় জটিলতা। এই অচলাবস্থায় খেলা বন্ধ ছিল দীর্ঘ ১ ঘণ্টা ১২ মিনিট। শেষ পর্যন্ত দানিলোকে তুলে নেয় পুলিশ, এরপর শুরু হয় খেলা।
১০ জনের পুলিশের বিপক্ষে ৭১ মিনিটে লাল কার্ড দেখেন কিংসের ডিফেন্ডার রিমন হোসেন। ম্যাচে তখন দুই দলেরই ১০ জন খেলোয়াড়। বাকি সময়টা ১০ বনাম ১০ লড়াই হলেও আর কোনো গোল হয়নি। এই ড্রয়ে মূল্যবান দুটি পয়েন্ট হারাল কিংস। তাতে লিগ লড়াইয়ে কিংসের আরও কাছাকাছি চলে এসেছে আবাহনী।
১৮ রাউন্ডের লিগে ১৬ রাউন্ড শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। ১৫ মে ১৭তম রাউন্ডটিই এখন হয়ে দাঁড়িয়েছে লিগের অলিখিত ফাইনাল। সে রাউন্ডে কুমিল্লায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও কিংস।
আজ দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি ৭-১ গোলে বিধ্বস্ত করেছে অবনমন অঞ্চলে থাকা ফকিরেরপুল ইয়ংমেনসকে। চার গোল করেছেন জয়ী দলের পা ওমর বাবু।