
১৪ বছর পর গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ দল। ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ এখন জামাল ভূঁইয়াদের সামনে। কিন্তু গত জুনে অনুষ্ঠিত সাফের পর বাংলাদেশ যাদের বিপক্ষে প্রথম খেলতে নামছে, সেই আফগানিস্তানের সঙ্গে তাদের জয় মাত্র একটি। সেটিও ১৯৭৯ সালে ঢাকায় এশিয়ান কাপের বাছাইয়ে। দুই দলের বাকি ৭ ম্যাচে ৫ ড্র আর দুই হার বাংলাদেশের।
আগামীকাল রাতে ঢাকায় আসছে আফগানিস্তান দল। ৪ ও ৭ সেপ্টেম্বর তাদের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠেয় দুটি ফিফা প্রীতি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। জিততে চায় আফগানিস্তানও। কাবুল থেকে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আফগানিস্তানের কুয়েতি কোচ আবদুল্লাহ আলমুতাইরি সেটাই বলেছেন। তবে এড়িয়ে গেছেন তাঁর ইউরোপে খেলা ফুটবলারদের প্রসঙ্গ—
প্রশ্ন: ২০১৮ সালে সর্বশেষ দেশের মাটিতে খেলেছে আফগানিস্তান। সেটা ছিল ফিলিস্তিনের সঙ্গে। দলটির প্রস্তুতি ক্যাম্পও বেশির ভাগ সময় বিদেশেই হয়। তা এখন আপনারা কোথায় প্রস্তুতি নিচ্ছেন?
আবদুল্লাহ আলমুতাইরি: আমরা কাবুলে অনুশীলন ক্যাম্প করছি। ক্যাম্প শুরু হয়েছে গত ১৫ জুলাই। ফিফা প্রীতি ম্যাচের আগে কয়েক দিন ঢাকাতেই প্রস্তুতি নেব।
প্রশ্ন: কাবুলে এখন অনুশীলনের সুযোগ–সুবিধা কেমন?
আলমুতাইরি: এখন কোনো সমস্যা নেই। ভালোভাবেই অনুশীলন চলছে। আমি সন্তুষ্ট অনুশীলন নিয়ে।
প্রশ্ন: আফগান দলে বেশ কিছু ইউরোপভিত্তিক ফুটবলার আছেন; যাঁরা জার্মানি, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সাইপ্রাস, নরওয়ে, সুইজারল্যান্ড, ফারো আইল্যান্ড ও জর্জিয়ার নিচের দিকের ডিভিশনে খেলেন। তাঁদের সবাইকে কি পেয়েছেন অনুশীলনে?
আলমুতাইরি: এ নিয়ে আমি এখন কিছু বলব না। এটা দলের একান্ত গোাপনীয় বিষয়। বাংলাদেশে গেলেই দেখতে পাবেন ওরা খেলছে কি না।
প্রশ্ন: সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোনো ম্যাচ দেখেছেন?
আলমুতাইরি: গত জুনে ভারতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সব ম্যাচই দেখেছি। বাংলাদেশ বেশ ভালো খেলেছে। গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্স খুবই ভালো লেগেছে। ভাগ্য ভালো থাকলে বাংলাদেশ সাফের ফাইনালে খেলতে পারত।
সেমিফাইনালে আমার দেশ কুয়েতের বিপক্ষে বাংলাদেশের খেলা আমাকে মুগ্ধ করেছে। ওই ম্যাচের শুরুতেই বাংলাদেশের তরুণ ছেলেটা (শেখ মোরছালিন) সহজ সুযোগ নষ্ট করে। এরপরও বাংলাদেশ সুযোগ পেয়েছে ম্যাচে। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত।
প্রশ্ন: বাংলাদেশ–আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ দুটিতে কারা এগিয়ে?
আলমুতাইরি: আমি বলব, বাংলাদেশ এগিয়ে। দলটা এক বছর ধরে ভালো খেলছে। তা ছাড়া ম্যাচ দুটি বাংলাদেশ খেলবে নিজেদের মাঠে। ফলে বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
প্রশ্ন: আফগানিস্তানের ফিফা র্যাঙ্কিং ১৫৭, বাংলাদেশের ১৮৯। কাগজ–কলমে তো আফগানিস্তানই এগিয়ে। সেটাই যদি হয়, ঢাকার ম্যাচ দুটিতে আফগানিস্তানেরই ফেবারিট হওয়ার কথা...
আলমুতাইরি: আমি বিষয়টা সেভাবে দেখছি না। বাংলাদেশের সঙ্গে ম্যাচ দুটিকে আমি আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছি। আমাদের মূল উদ্দেশ্য বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল প্রস্তুত করা। যত দূর জানি, বাংলাদেশও ম্যাচ দুটিকে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছে। তবে ঢাকায় অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। কেউ তো আর হারতে চায় না (হাসি)।
প্রশ্ন: কোচ হিসেবে বাংলাদেশের বিপক্ষে এই দুটি ম্যাচ আপনার জন্যও চ্যালেঞ্জ মনে হচ্ছে। এর আগে আপনার অধীনে খেলা দুটি ম্যাচেই আফগানিস্তান হেরেছে...
আলমুতাইরি: হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই। সব ম্যাচই কোচদের জন্য চ্যালেঞ্জ। আমার অধীনে আফগানিস্তান দুটি ম্যাচই হেরেছে। মধ্য এশিয়ার আঞ্চলিক টুর্নামেন্টে কিরগিজস্তানের সঙ্গে ১–০ গোলে (ম্যাচ শেষ না করেই বেরিয়ে যাওয়ায় কিরগিজস্তানকে ৩–০ গোলে জয়ী ঘোষণা করা হয়) ও ইরানের সঙ্গে ৬–১ গোলে।
প্রশ্ন: ২০২১ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনাল খেলা নেপালের কোচ ছিলেন আপনি। তবে কোচ হিসেবে নেপাল অধ্যায়টা আপনার জন্য খুব একটা স্বস্তির ছিল না বলেই জানে সবাই। কী বলবেন এ নিয়ে?
আলমুতাইরি: নেপালে আমি দেড় বছর কাজ করেছি। আমার অধীনে দল সাফের ফাইনালে খেলেছে, যেটা ছিল নেপালের জন্য বড় এক অর্জন। তবে নেপাল অধ্যায় এখন অতীত। এ নিয়ে আর কিছু বলতে চাই না।
প্রশ্ন: কোচ হিসেবে আপনার দর্শন কী? প্রিয় কোচই–বা কে?
আলমুতাইরি: আমি আক্রমণাত্মক কোচ। ৩–৫–২ ছকটা বেশি পছন্দ করি। আর আদর্শ কোচ যদি বলেন, মার্সেলো বিয়েলসার কথা বলব।
প্রশ্ন: আপনি তো এর আগেও একবার ঢাকায় এসেছিলেন। সেটা কেন?
আলমুতাইরি: হ্যাঁ, সম্ভবত ২০২১ সালে। তবে ফুটবলীয় কোনো কাজে নয়, ঢাকায় আমি তখন বেড়াতে গিয়েছিলাম। পাঁচ দিন ছিলাম ওখানে। ফুটবল–সংশ্লিষ্ট কারও সঙ্গে দেখা হয়নি।