লিওনেল মেসির অর্জন কী?
বিশ্বকাপ। কোপা আমেরিকা। অলিম্পিক সোনা। অসংখ্য গোল আর অ্যাসিস্ট, সঙ্গে কোটি কোটি মানুষের ভালোবাসা। আন্তর্জাতিক ফুটবলে মেসির এসব অর্জন আপনি দেখতে পারেন এক টুকরা কাগজেই। কোথায়? একটা রেস্তোরাঁর রসিদে। সে রসিদের শেষ লাইনে সর্বকালের সেরা নিয়ে বিতর্কের অবসানও টানা হয়েছে।
রসিদটি মেসি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারকে সাজানো হয়েছে একটি রসিদে। একের পর এক লাইনে উঠে এসেছে আর্জেন্টিনার হয়ে তাঁর সব অর্জন। তবে এটি একটি নতুন ব্র্যান্ড ক্যাম্পেইনের অংশ। সে যা হোক, এই রসিদে চোখ বোলালেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জনগুলো দেখতে পাবেন!
রসিদে উঠে এসেছে মেসির প্রভাবের কথাও। আর্জেন্টিনার হয়ে খেলে তিনি যে কোটি কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছেন, সেটিও তুলে ধরা হয়েছে। প্রতিপক্ষ দলের সমর্থকদের কতটা যন্ত্রণা দিয়েছেন, সেটাও বাদ যায়নি। আর সবশেষে লেখা হয়েছে—‘গোট ডিবেট সেটেলড।’
মানে সর্বকালের সেরার বিতর্কের ইতি ঘটেছে। ইঙ্গিতটা কিসের তা তো বুঝতেই পারছেন!
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসি। আর মেসির ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করা হয়েছে গতকাল। ক্যাপশনে লেখা হয়েছে, ‘২০ বছরের বেশি সময়। ছয়টি ফিফা বিশ্বকাপ। অগণিত স্মৃতি। আমার পথচলার প্রতিটি ধাপে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’ পোস্টে ট্যাগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিয়ার কোম্পানি মাইকেলব আল্ট্রাকে।
৩৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবলে সব জিতেই অবসর নিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে তাঁর শুরুর গল্পটা আক্ষেপে ভরা থাকলেও ২০২১ সালের পর সেই গল্প বদলেছে।
অনেকটা স্বপ্নের মতো কেটেছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পাঁচ বছর। ২০২১ সালে কোপা আমেরিকা জেতার পর ২০২২ সালে জিতেছেন কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষ জোড়া গোল করেছেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। সে বছর জিতেছেন ফিনালিসিমা। ২০২৪ সালে জেতেন দ্বিতীয় কোপা আমেরিকা ট্রফি।
মেসি সর্বকালের সেরা কি না, এমন আলোচনা আর্জেন্টিনার হয়ে মেসি বড় কোনো শিরোপা জেতার আগেও হয়েছে। কারণ, মেসির ক্লাব ফুটবলে অর্জন অবিশ্বাস্য। অনেকেই মনে করেন, ক্লাব ফুটবলে মেসির এমন সাফল্যের পর বিশ্বকাপ জেতায় সর্বকালের সেরা বিতর্কের ইতি ঘটেছে। মেসি নিজেকেও কি সেই দলে!